অধ্যাপক ডা. শাহ মো: বুলবুল ইসলাম
অধ্যাপক ডা. শাহ মো: বুলবুল ইসলাম। নয়া দিগন্ত গ্রাফিক্স

বিশ্বস্বাস্থ্য সংস্থার পাঁচটি নির্দেশনা পারিবারিক পর্যায়ে নিরাপদ খাদ্যের চমৎকার ব্যবস্থা। খাদ্য প্রস্তুতের আগে ও পরে হাত ধোয়া, রান্নার পাত্র ভালোভাবে ধোয়া, কাঁচা এবং রান্না করা খাবার আলাদাভাবে সংরক্ষণ করা, সঠিক তাপমাত্রায় রান্না এবং খাবার সংরক্ষণ করা, রান্না করা খাবার দুই ঘণ্টার বেশি স্বাভাবিক তাপমাত্রায় না রাখা, নিরাপদ পানি হিসেবে ফুটানো পানি এবং সবুজ শাকসবজি নির্বাচন সবকিছুই ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা দেয়। 

Advertisement

এ প্রেক্ষিতে ২০১৩ সালে খাদ্য নিরাপদ আইনের আলোকে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ গঠন করা হয়। তবে শুধু আইন প্রণয়নই নয়; ব্যবসায়ী, আমলা, মন্ত্রণালয়, সাধারণ ব্যবসায়ী, কৃষক ও সাধারণ ভোক্তার সচেতনতা ও সরবরাহ ব্যবস্থাসহ স্বাস্থ্য ও খাদ্য সম্পর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সচেতনতা ছাড়া নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও জোগান সম্ভব নয়। ইদানীং চাল ও চিঁড়ায় বিষাক্ত আফলাটক্সিনের (Aflatoxin) অস্তিÍত্ব শনাক্ত হওয়ায় দেশের প্রতিটি নাগরিক ক্যান্সারজনিত স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে। যদিও এর পরিমাণ এখনো ক্ষতিকর পর্যায়ে পৌঁছেনি। অথচ চাল ও চিঁড়ার উৎপাদন প্রক্রিয়ায় সাবধানতা অবলম্বন করলেই এটি  কাটিয়ে ওঠা সম্ভব। এ ক্ষেত্রে চাল ও চিঁড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের সচেতনতা এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কৃর্তপক্ষ, খাদ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক এবং কঠোর তত্ত্বাবধানেই কেবল স্বাস্থ্য ঝুঁকিমুক্ত চাল এবং চিঁড়া বাজারে জোগান দেয়া সম্ভব। 
ইদানীং ভোক্তা অধিকার কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন খাবারের দোকান, মিষ্টির দোকান, ফলের দোকানে অভিযানে উঠে এসেছে হাড় হিম করা তথ্য। খাবারে কাপড়ের রঙ, ইটের গুঁড়োসহ বিভিন্ন বিষাক্ত উপাদান দিয়ে তৈরি মুখরোচক (?) এবং জনপ্রিয় খাবার তৈরির এমন ভয়াবহ চিত্র সামনে এসেছে, যা কল্পনা করাও অসম্ভব। শুধু অর্থলিপ্সায় মানুষ পশুত্বেরও কত নিচে নেমে যেতে পারে ভাবলে অবাক হতে হয়। এর সবচেয়ে নিন্দনীয় ও ঘৃণিত অবস্থা হচ্ছে এসব দোকান বা প্রতিষ্ঠানের মালিকরা তাদের এ ধরনের কাজের পক্ষে প্রকাশ্যেই সাফাই গাইতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না। ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হওয়ার ঘটনাও ঘটেছে। 

ছাগল, মোরগ ও গরুর গোশতের মধ্যেও রয়েছে স্বাস্থ্যঝুঁকির উপাদান। গরু ছাগল মুরগি ও মাছ চাষে যে খাবার ব্যবহার করা হয় সেগুলোর স্বাস্থ্যঝুঁকির কথা আলোচিত হয়েছে বারবার। অসময়ে সুস্বাদু ফল দেখলে কার না খেতে ইচ্ছে করে। অথচ অসময়ে পাওয়া এই ফলের আগাগোড়াই বিষাক্ত উপাদানে ভরা। আম, কাঁঠাল, আনারস, পেঁপে, তরমুজ, কলা কোনটিতে নেই বিষাক্ত রাসায়নিক? এগুলো আজ গ্রামে গ্রামে প্রতিটি ঘরে পৌঁছে গেছে। ইদানীং মাঝে মধ্যে কসাইয়ের দোকানে শিয়াল ও কুকুরের মাংস বিক্রির খবর বের হয়। এসবই ঘটে প্রথমত জনসাধারণের অসচেতনতায় এবং উৎপাদকদের অতি লোভী মনোভাব এবং খাদ্য সরবরাহের সার্বিক কাঠামোর কঠোর বাস্তবায়নের দুর্বলতা, কর্তৃপক্ষের লোকবলের স্বল্পতা ও আইনের দুর্বলতার ফাঁক, যার মাধ্যমে অপরাধীরা পার পেয়ে যায়। রাস্তার দু’পাশে, স্কুলের আশপাশে, রেল ও বাস স্টেশনে বাসি পচা দূষিত খাবারের যে মহাআয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনে, জানি না কোন অজানা কারণে কেন কর্তৃপক্ষের চোখে পড়ে না। স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। নিরাপদ খাদ্য সুস্বাস্থ্যের একমাত্র পূর্বশর্ত। কেবল বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়নই দেশের উন্নতির মাপকাঠি নয়। দেশের জনগণের স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার দায়িত্বও সরকারের। নিরাপদ খাদ্যের জোগান নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের সুস্বাস্থ্য জাতীয় উন্নয়ন প্রক্রিয়ার একটি অন্যতম প্রধান চেতক। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকা অতীব জরুরি। 

দেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থাকার পরও চার দিকে কেবলই ভেজাল খাবার, দূষিত পানি ও পানীয়ের ছড়াছড়ি। ওয়াসার পানি থেকে শুরু করে বিভিন্ন পানীয়ের দূষণে জনজীবন বিপর্যস্ত। ফলের রস কেমিক্যালে ভরা। দুধ, তেল, নুন, চিনি-আটা ময়দা কোথায় ভেজাল নেই? জনগণকে বাধ্য হয়েই এসব খেতে হচ্ছে, তাও আবার উচ্চমূল্যে। 

ফলে দিন দিন বাড়ছে কিডনি রোগীর সংখ্যা। বাড়ছে হেপাটাইটিস বি সংক্রমণ, হৃদরোগ ও টাইফয়েডের মতো রোগের বিস্তার। চিকিৎসার জন্য ওষুধের প্রয়োজন। সেখানেও নকল ওষুধের ছড়াছড়ি। নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ, খাদ্য ও পানীয়ে বাজার সয়লাব। সব কিছু দেখে মনে হয় এসব দেখার কেউ নেই। কর্মময় জীবনের জন্য, সুস্থ থাকার প্রয়োজনে দরকার নিরাপদ খাদ্য, যে খাবার শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগাবে, বাড়াবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা; সাথে সাথে বাড়াবে কর্মদক্ষতা, কর্মস্পৃহা ও কর্মক্ষমতা। 

বিশ্বস্বাস্থ্য সংস্থার নিরাপদ খাবারের নির্দেশনা ঘরে বা বাইরে, শিক্ষাঙ্গনে কিংবা অফিসে ক্যান্টিন বা হোটেল কোথায়ও মেনে চলার বালাই নেই। নিরাপদ খাবার কেবল পুষ্টি জোগায় না, এটি দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য রক্ষা, চিকিৎসা ব্যয় হ্রাস এবং অর্থনৈতিক উৎপাদনশীলতার প্রধান ভিত্তি। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের যে কর্মযজ্ঞ তার সামান্যতমও নিরাপদ খাদ্যের ক্ষেত্রে দেখা যায় না। অথচ নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও নিরাপত্তা জাতীয় উন্নয়নের একটি অন্যতম প্রধান ভিত্তি। 

লেখক : চক্ষুরোগ বিশেষজ্ঞ
shah.b.islam@gmail.com