সংঘর্ষ ও গুলিতে আহত দু’জন
সংঘর্ষ ও গুলিতে আহত দু’জন। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাত থেকে মোল্লাকান্দির নয়াকান্দি ও নতুন আমঘাটা গ্রামে দফায় দফায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, দুই পক্ষের ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

Advertisement

আহতদের বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ইউনিয়নের চার-পাঁচটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন— মরহুম জামাল শিকদারের ছেলে দিদার শিকদার (৪৫), শহীদুল্লাহ সর্দারের ছেলে সানি সর্দার (২৫), কালা মিয়া শিকদারের ছেলে বোরহান শিকদার (৪৭), মনির হোসেন ঢালীর ছেলে দিদার ঢালী (৪৭)। আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফজরের নামাজের আগে থেকে নয়াজান্দি ও নতুন আমঘাটা গ্রামে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে প্রতিপক্ষকে গ্রাম থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুই পক্ষের লোকজন নিরাপদ স্থানে অবস্থান নিয়ে থেমে থেমে ককটেল বিস্ফোরণ অব্যাহত রাখে বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তসলিমউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। তবে দুই পক্ষে কে বা কারা এ ঘটনার নেতৃত্ব দিচ্ছেন তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দুই পক্ষে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে সংঘর্ষ বেঁধেছে।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।