
শ্রমিক অসন্তোষ, কারখানার নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং অবকাঠামোগত নানা সঙ্কটের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপদ উৎপাদন পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। শিল্পপ্রতিষ্ঠান ও শ্রমিকদের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা গেট নির্মাণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ডের এমটারেন্ট গ্রুপের মা টাওয়ারের হলরুমে শিল্প মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত সভায় শিল্প এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা, অবকাঠামোগত সমস্যা, শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো: শওকত হোসেন সরকার। এ সময় শিল্প মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা শিল্প এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরেন। বিশেষ করে শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা ও পরিকল্পিত শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সাম্প্রতিক সময়ে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, কারখানা বন্ধ ঘোষণা এবং মহাসড়ক অবরোধের ঘটনায় শিল্প উৎপাদন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে এ মতবিনিময় সভাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিল্প কারখানার মালিক ও বিএনপির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








