চট্টগ্রামে জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকি, থানায় জিডি
জুলাই গণহত্যা মামলার দুই সাক্ষী জীবনের নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানায় জিডি করেন। নয়া দিগন্ত

চট্টগ্রামে জুলাই গণহত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ফজলে করিম চৌধুরীসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার কারণে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার দুই সাক্ষী মো: ইফতেখারুল ইসলাম ও সম্রাট রুবায়েত।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আশরাফ উদ্দিন সরকার জানান, হুমকিগুলো বিদেশি নম্বর থেকে দেয়া হয়েছে। নির্দিষ্ট করে নম্বরধারীকে শনাক্ত করার কাজ চলছে। জিডির কপি হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে ফজলে করিমের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এর ঠিক আগে এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাক্ষীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লিখিত আবেদন করেন মো: ইফতেখারুল ইসলাম। আবেদনে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চট্টগ্রাম মহানগরে সংঘটিত জুলাই গণহত্যার ঘটনায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর মামলায় আগামী ১৫ নভেম্বর তার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

গত ৩ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে আড়াইটার মধ্যে তার মোবাইল ফোনে একাধিক নম্বর থেকে কল আসে। কলদাতারা নিজেদের ফজলে করিম ও ফারাজ করিম চৌধুরীর অনুসারী পরিচয় দিয়ে সাইফুল ইসলামসহ আরো অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকতে চাপ দেন। পাশাপাশি তার প্রাণনাশের হুমকি দেয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়মিত ভয়ভীতি দেখানো হচ্ছে। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি জিডিভুক্ত করার আবেদন জানান।

ইফতেখারুল ইসলাম বলেন, ‘ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত হুমকি দেয়ায় আমরা চরম আতঙ্কে আছি। যারা এসব হুমকি দিচ্ছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

এদিকে, গত ২ নভেম্বর একই থানায় আরেকটি জিডি করেন আরেক সাক্ষী সম্রাট রুবায়েত। জিডিতে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম মহানগরে সংঘটিত জুলাই গণহত্যায় ফজলে করিম চৌধুরীসহ একাধিক আসামির বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছিলেন, যা বর্তমানে বিচারাধীন। মামলার সাক্ষ্যগ্রহণ ১৫ নভেম্বর শুরু হবে। 

এর আগে, গত ৩ সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীর অনুসারী পরিচয় দিয়ে তাকে এবং মামলার আরেক সাক্ষী আবদুল্লাহ আল মামুনকে সাক্ষ্য দিতে নিষেধ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।

সম্রাট রুবায়েত বলেন, ‘হুমকির পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় আছি। প্রশাসনের কাছে আমাদের ও পরিবারের নিরাপত্তা এবং হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’