বিকট শব্দে চালকদের বিভ্রান্ত করে ছিনতাই, জনসচেতনতায় পুলিশের প্রচারণা
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশ লিফলেট বিতরণ করে। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের নতুন কৌশল নিয়েছে দুর্বৃত্তরা। চলন্ত গাড়ি লক্ষ্য করে লোহার রড কিংবা ভারী বস্তু ছুঁড়ে মারছে তারা। এতে বিকট শব্দ হলে চালকেরা টায়ার পাংচার হয়েছে মনে করে গাড়ি থামান। আর এ সুযোগে গাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটে নেয় ছিনতাইকারীরা। এমন পরিস্থিতিতে, চালক ও যাত্রীদের সচেতন করতে বিশেষ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

বিতরণ করা লিফলেটে বলা হয়েছে, ‘হঠাৎ বিকট শব্দে যত্রতত্র গাড়ি থামাবেন না। এটা ছিনতাইকারীদের নতুন কৌশল। ছিনতাইকারী চক্র রাতের যেকোনো সময় হাইওয়েতে কৌশলে গাড়ি থামাতে বিকট শব্দ করে। এসব শব্দে কখনোই গাড়ি থামাবেন না।’ 

লিফলেটে আরো বলা হয়েছে, অপরিচিত স্থানে রাস্তার পাশে গাছের ডাল, পাথর কিংবা কোনো প্রতিবন্ধকতা দেখলে অথবা অপরিচিত কেউ হাত দেখালে গাড়ি থামানো যাবে না। প্রয়োজনে গতি বাড়িয়ে নিরাপদ স্থানে চলে যেতে হবে। গাড়িতে ওঠার পরপরই সব দরজা ও জানালা ভালোভাবে বন্ধ রাখতে হবে। যানজট বা সিগন্যালে দাঁড়ালে জানালার কাচ নামানো থেকেও বিরত থাকতে হবে।

রাতের বেলায় যাত্রাবিরতির ক্ষেত্রে নির্জন পেট্রোল পাম্প বা রাস্তার পাশের পরিবর্তে জনবহুল ও আলোকিত হাইওয়ে রেস্তোরাঁ কিংবা পুলিশ চেকপোস্টের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। বাস বা যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেয়া কোনো খাবার কিংবা পানীয় গ্রহণ না করতেও সতর্ক করা হয়েছে।

চালকদের জন্য দেওয়া নির্দেশনায় ট্রাফিক সিগন্যাল ও সড়কচিহ্ন মেনে চলা, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় গাড়ি না চালানো, গতি নিয়ন্ত্রণে রাখা, ওভারটেকিংয়ে সতর্কতা অবলম্বন এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া মাদকাসক্ত বা ঘুমের ঘোরে গাড়ি চালানো এবং নির্ধারিত স্থান ছাড়া পার্কিং না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মোটরসাইকেল চালকদের জন্যও আলাদা নির্দেশনা রয়েছে। এতে চালক ও আরোহী উভয়কে হেলমেট ব্যবহার, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা, তিনজন আরোহী নিয়ে চলাচল এবং ফুটপাতে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মহাসড়কে চলাচলকারী যানবাহন লক্ষ্য করে দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের ভারী বস্তু ছুঁড়ে মেরে বিকট শব্দ সৃষ্টি করে। এতে চালকেরা অনেক সময় টায়ার পাংচার হয়েছে মনে করে নির্জন স্থানে গাড়ি থামান। মূলত এটিকে কাজে লাগিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ ধরনের ঘটনা প্রতিরোধে মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের টহলের দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন, পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি চালক ও যাত্রীদের সচেতন করাও জরুরি। হঠাৎ কোনো শব্দ হলে কিংবা অপরিচিত স্থানে কোনো প্রতিবন্ধকতা দেখলে যত্রতত্র গাড়ি থামানো যাবে না। নিরাপদ ও জনবহুল স্থানে গিয়ে বিষয়টি যাচাই করতে হবে। কোনো সন্দেহজনক ঘটনা দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে। মহাসড়কে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।