
কক্সবাজার সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা, নৈতিকতা, ছাত্র সংসদ নির্বাচন এবং নেতৃত্ব বিকাশের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
ভালো সঙ্গ নির্বাচন ও নৈতিকতার গুরুত্ব
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা শিক্ষার্থীদের জীবন গঠনে সৎ ও আদর্শবান বন্ধু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিসে বর্ণিত আতর বিক্রেতার উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, ‘আতর বিক্রেতার পাশে বসলে আপনি আতর না কিনলেও তার সুঘ্রাণ পাবেন। ঠিক তেমনি সৎ ও আদর্শবান বন্ধুদের সঙ্গে থাকলে জীবনও সুবাসিত ও সুন্দর হয়ে ওঠে। তাই ক্যাম্পাস জীবনের শুরু থেকেই নিজেদের ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নিতে হবে।’
এ সময় তিনি শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
ছাত্র সংসদ নির্বাচন ও নিরাপদ ক্যাম্পাস প্রসঙ্গ
প্রধান বক্তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো: সাদিক কায়েম বলেন, ‘ক্যাম্পাসের নেতৃত্ব কার হাতে থাকবে, তা নির্ধারণ করবে শিক্ষার্থীদের ভোট। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসের নেতৃত্ব দেবেন। নির্বাচনে কে জয়ী হলো বা কে পরাজিত হলো, সেটি বড় বিষয় নয়; বরং নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্ব চর্চার সুযোগ তৈরি হওয়াই গুরুত্বপূর্ণ।’
নিজেদের ক্যাম্পাস অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে সাদিক কায়েম আরো বলেন, ‘আমরা সিট দখল করতে দিইনি। এক বছরের কলেজজীবনে নানা ধরনের উন্নয়ন করেছি। শিক্ষার্থীদের কল্যাণে নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করেছি, সামনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
কক্সবাজার সরকারি কলেজের অতীত ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে তিনি জানান, এ কলেজে এর আগে চারবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিবারই ছাত্রশিবির-সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছিল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা এবং কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও ককসুর সাবেক ভিপি মো. সরওয়ার কামাল।
নবাগতদের বরণ ও সমাপনী আয়োজন
পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া মূল আয়োজনে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক জীবনে ভালো ফলাফলের পাশাপাশি আধুনিক দক্ষতা অর্জন, মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।
প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায় থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে মনোজ্ঞ ইসলামি সংগীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের যেকোনো একাডেমিক প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এদিকে, নবীনবরণ অনুষ্ঠানের বক্তব্যে ছাত্র সংসদ নির্বাচন, নিরাপদ ক্যাম্পাস, নৈতিক শিক্ষা ও শিক্ষার্থীদের অধিকারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাওয়ায় কক্সবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাসের ভবিষ্যৎ নেতৃত্ব ও শিক্ষার পরিবেশ নিয়ে নতুন আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








