
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে দফায় দফায় হইচইয়ে সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। হট্টগোলের কারণে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কিছু সময় বক্তব্য বন্ধ রাখতে হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সংসদের বৈঠকের শুরুতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের বিষয়টি সংসদে তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, চারটি পেট্রোল বোমা মেরে আগুন লাগানো হয়েছে। নাহিদের বক্তব্যের কিছু সময় পর আগুনের ঘটনার বিষয়ে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তের কথা তুলে ধরে তিনি বলেন, আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে। এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বেশ কিছু সময় পরে মাগরিবের নামাজের বিরতির পর নাহিদ ইসলাম আবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভিডিও ফুটেজ, অনেক তথ্যের কথা বলেছেন। কিন্তু যেই ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আছে, সেটি যদি তিনি দেখতেন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বাহির থেকে কোনো একটা জিনিস নিক্ষিপ্ত করার কারণেই দপ করে পুরো বাড়িতে আগুন জ্বলে গিয়েছিল।
নাহিদ ইসলাম বলেন, ওই বাড়ি কোনো পরিত্যক্ত বাড়ি ছিল না। কোনো গবাদি পশুর বাড়িও ছিল না, সেখানে মানুষ বসবাস করত। গতকাল রাতেও মানুষ ছিল। কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন সে বাসায় থাকতেন। গতকাল রাতে মানুষও মারা যেতে পারত।
নাহিদ দাবি করেন, নুসরাত তাবাসসুমকে গত কয়েক দিন ধরে ফোনে নানান ধরনের হুমকি দেয়া হচ্ছিল। তিনি জিডিও করেছেন। ফলে এ ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়।
নাহিদ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পতিত ফ্যাসিস্ট শক্তির যেই উল্লাস আমরা দেখেছি এ ঘটনাকে কেন্দ্র করে এবং কুষ্টিয়া জেলার আওয়ামী লীগ, তারা নিজেরাই এই দায় স্বীকার করেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাদের দায়মুক্তি দিচ্ছেন এ সংসদে এসে।’ তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে, কত ঘণ্টার মধ্যে দোষীদেরকে উনি শনাক্ত করে গ্রেফতার করবেন এবং বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এ ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।’
নাহিদ বলেন, বাংলাদেশের মানুষ আজকে এটা দেখল যে সরকার কী ধরনের আচরণ করছে, যখন বিরোধী দলের একজন সংসদ সদস্য, গণঅভ্যুত্থানের একজন নেত্রী, তার বাড়িতে আগুন লাগানো হয় এবং সরকারের সেখানে কী ভূমিকা ছিল।
নাহিদের এ বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি তথ্যসমৃদ্ধ স্টেটমেন্ট দিয়েছি। গতকাল রাতে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ বললেন, আগুন লাগানো হয়েছে। তা তদন্ত কি শেষ হয়ে গেল মাননীয় স্পিকার?’
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে হইচই শুরু হয়।
বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দয়া করে আমি কথা বলার সময় যদি একটু শুনেন খুশি হব। আপনারা পরে বক্তব্য রাখতে চাইলে স্পিকারের অনুমতি নিয়ে বলতে পারবেন।’
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আবারো ঘটনার বিবরণ তুলে ধরে প্রাথমিক তদন্তে পেট্রোল বোমার চিহ্ন না থাকার কথা বলেন। এতে বিরোধী দলের সদস্যরা আবারো হইচই শুরু করে প্রতিবাদ জানান। সরকারি দলের সদস্যদের অনেকেও হইচই করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি।’
ডেপুটি স্পিকার মন্ত্রীকে বক্তব্য অব্যাহত রাখার আহ্বান জানান। কিন্তু সংসদে হট্টগোল অব্যাহত থাকে। ডেপুটি স্পিকার তাদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বিরোধী দলীয় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। তবে হইচইয়ের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে না পেরে বসে যান। এ সময় এনসিপির আব্দুল হান্নান মাসউদ, মাহমুদা আলম মিতুসহ অনেকে দাঁড়িয়ে মাইক ছাড়া কথা বলতে থাকেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল বারবার হান্নান মাসউদকে বসার অনুরোধ করেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। উনাকে বক্তব্য দানে বাধা প্রদান করা কোনো অবস্থাতেই উচিত না। আপনারা বসেন, প্রয়োজনে আপনি আবার বলবেন।’
এরপর আবার বক্তব্য শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আবারো ঘটনার বিবরণ দিতে গিয়ে ছাগলের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, এই বাড়িতে দুইটা ছাগল থাকত। এবং ছাগলগুলোর..।’
এ বক্তব্যের সাথে সাথে বিরোধী দলের সদস্যরা আবার হইচই শুরু করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








