স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন আহমদ
জাতীয় সংসদে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত রাতে অর্থাৎ আজ ১২ তারিখের শুরুতে রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। যে টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লেগেছে, তার থেকে ২০ মিটার দূরে তার বাবা-মা একটি তিনতলা বাড়িতে অবস্থান করেন। মূলত ওই টিনশেড বাড়িতে কেউ থাকতেন না; সেখানে কেবল দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।

খবর পাওয়ার সাথে সাথেই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, এসপি ও বিজিবির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্থানীয় ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সবার সাথে আলোচনা এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের কোনো তথ্য দেননি। ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি সম্পূর্ণ তদন্তসাপেক্ষে নিশ্চিত করা সম্ভব হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ সে অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে। 

এর পেছনে কেউ নাশকতামূলক কোনো কর্মকাণ্ড চালিয়ে থাকলে অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সংসদকে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।