
নাটোর-২ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আওয়ামী লীগের নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেয়া যাবে না। দেশবাসীকে সাথে নিয়ে পতিত ফ্যাসিস্টদের প্রতিহতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।
শনিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও পোড়াও নৈরাজ্যের বিরুদ্ধে‘ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘শেখ হাসিনা নাকি ১৬ ডিসেম্বরে আসবে? আসলে এটা একটা নাটক। উনি (শেখ হাসিনা) কিভাবে আসবেন? উনি তো বাংলাদেশের বিচারে খুনি এবং কনভিক্টেড। কোনো খুনি তো প্লেনে উঠতে পারবেন না, কারণ তার তো পাসপোর্ট নেই, এজন্যই তো বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ভারত সরকারের কাছ থেকে তাকে ফেরত চাইছে। আইন অনুযায়ী ভারত সরকার একজন আসামিকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। পরে তার ফাঁসি বা সাজা কার্যকর করা হবে। এটাই হবে।’
সাংবাদিকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে সাংবাদিকদের কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছিল এবং ডিজিটাল আইনের মতো বিশেষ আইনের মাধ্যমে সত্য প্রকাশে বাধা ও কণ্ঠরোধ করা হয়েছিল।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে হুইপ দুলু বলেন, ‘গণঅভ্যুত্থান তথা ৫ আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে।’
তিনি উল্লেখ করেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সরকারে এবং ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী বিরোধী দলে রয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী ও তারেক রহমান কাজ করে যাচ্ছেন।’
গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ‘সেখানে থানা, উপজেলা পরিষদ ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে। তবে বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে এলাকার এমপি ও সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় পাহারার ব্যবস্থা করা হয়েছে, যাতে অগ্নি-সন্ত্রাস ও ককটেল হামলার মতো ঘটনা চিরতরে নির্মূল করা যায়।’
আগামী ১৬ ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য অস্থিতিশীলতা ও আতঙ্ক তৈরির চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়ে দুলু বলেন, ‘প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ এলাকায় পাহারা দিয়ে সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে সোপর্দ করা। এ লক্ষ্যে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।’
তিনি আরো বলেন, ‘জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত কোনো শক্তি অতীতে ফিরতে পারেনি এবং ঠিক তেমনি ভবিষ্যতে আওয়ামী লীগও রাজনীতিতে ফেরারকোন সুযোগ নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









