
খাদ্যশস্যের মজুত সক্ষমতা বৃদ্ধি, খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম রোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন কঠোর করার বড় উদ্যোগ নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপদ খাদ্য আইন সংশোধন করে গুরুতর অনিয়মের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা এবং আদায়কৃত অর্থের ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি মো: আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী উপস্থিত ছিলেন।
এছাড়া কমিটির সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মণ্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
খাদ্যগুদামের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন
বৈঠকে খাদ্যগুদামের ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি পুরোনো ও ব্যবহারের অনুপযোগী গুদামগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। সারা দেশে বিদ্যমান খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করে সংসদীয় কমিটি। দীর্ঘদিনের পুরোনো ও ব্যবহার উপযোগিতা হারানো গুদামগুলো সরেজমিনে পরিদর্শন করে বাতিল এবং প্রয়োজনে সেখানে নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়।
সংরক্ষিত শস্যের মান বজায় রাখতে পোকামাকড়ের আক্রমণ নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে সঠিক আর্দ্রতায় খাদ্যশস্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি গুদামে মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নতুন খাদ্যগুদাম নির্মাণে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টিও পর্যালোচনা করছে মন্ত্রণালয়।
ডিলার নিয়োগ নীতিমালা সংশোধন ও বিশেষ ওএমএস
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ফেরাতে ডিলার নিয়োগের নীতিমালা সংশোধনের তথ্য বৈঠকে জানানো হয়। আগে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও সংশোধিত নীতিমালায় প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান করা হয়েছে। এতে চাল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম কমবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে এবং সাশ্রয়ী মূল্যে চাল নিশ্চিত করতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে। এর আওতায় প্রত্যেক শ্রমিক প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার এ চাল বিক্রি করা হচ্ছে।
নিরাপদ খাদ্য আইন সংশোধন ও কঠোর শাস্তির প্রস্তাব
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে 'নিরাপদ খাদ্য আইন, ২০১৩' সংশোধনের প্রস্তাব তুলেছে মন্ত্রণালয়। প্রস্তাবে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে অথবা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে গুরুতর বিচ্যুতি উদঘাটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অনধিক ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা যাবে। জরিমানার অর্থ আদায় হলে তার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
মন্ত্রী ও কমিটির সভাপতির কঠোর নির্দেশনা
বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। একই সাথে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন তিনি।
কমিটির সভাপতি মো: আবদুস সালাম পিন্টু বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে।
তিনি কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জনগণ, দেশ ও জাতির কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









