
পশ্চিমবঙ্গের ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যালোচনা ও যাচাই-বাছাইয়ের প্রথম ধাপে রাজ্যের ২৫২টি অনুমোদনহীন মাদরাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সাথে ন্যূনতম পরিকাঠামোর অভাব ও গুরুতর অনিয়মের অভিযোগে আরও ১০০টি মাদরাসাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছে।
জরিপের ফলাফল ও জেলাভিত্তিক চিত্র
রাজ্যে স্বীকৃত ও অস্বীকৃত মাদরাসার প্রকৃত সংখ্যা নির্ধারণ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত জুনে রাজ্যব্যাপী একটি জরিপের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের ভিত্তিতে সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দফতর কলকাতা এবং আরো ২২টি জেলায় মাদরাসাগুলোর পরিচালন ব্যবস্থা, শিক্ষার্থীদের নথিভুক্তি, অর্থায়নের উৎস এবং নিবন্ধনের অবস্থা খতিয়ে দেখে।
জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গে বৈধ অনুমোদন নিয়ে ২ হাজার ১৩২টি মাদরাসা পরিচালিত হচ্ছে। এর বিপরীতে অনুমোদনহীন মাদরাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি।
বন্ধের মুখে থাকা ২৫২টি মাদরাসার অধিকাংশই খারেজি সম্প্রদায়ভুক্ত।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে:
মালদহ: ৪৪টি
উত্তর দিনাজপুর: ৩৭টি
দক্ষিণ ২৪ পরগনা: ৩২টি
নদিয়া ও মুর্শিদাবাদ: ২৫টি করে মাদরাসা রয়েছে।
মাদরাসা আধুনিকীকরণ ও কেন্দ্রীয় সহায়তার আবেদন
একদিকে নিয়মবহির্ভূত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও অন্যদিকে মাদরাসা শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ ও শিক্ষার্থীদের আবাসিক সুবিধা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর সাথে বৈঠক করেন রাজ্যের জনজাতি ও সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী ক্ষুদিরাম টুডু।
বৈঠক শেষে ক্ষুদিরাম টুডু জানান, প্রচলিত শিক্ষার পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীরা যাতে আধুনিক শিক্ষার সুযোগ পায়, সে জন্য তফসিলি জাতি ও জনজাতি শিক্ষার্থীদের আদলে তাদের জন্যও ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা চাওয়া হয়েছে।
মাদরাসা বন্ধের বিষয়ে সতর্ক করে মন্ত্রী টুডু বলেন, ‘তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রথম ধাপে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া আরো ১০০টি মাদরাসায় গুরুতর অনিয়ম ধরা পড়ায় সেগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো বৈধ প্রমাণ বা অনুমোদন দেখাতে ব্যর্থ হলে সেগুলোও বন্ধ করার ব্যবস্থা নেয়া হবে।’
রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিতর্ক
মাদরাসাগুলোর বিরুদ্ধে রাজ্য সরকারের এই পদক্ষেপ বাংলার রাজনীতিতে তীব্র বাকযুদ্ধের সৃষ্টি করেছে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সীমান্তবর্তী এলাকায় মৌলবাদী কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ তুলে সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
তিনি বলেন, ‘মাদরাসা শিক্ষার আড়ালে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বন্ধ করা সরকারের দায়িত্ব, তাই সরকার এটি করেছে।’
রাজ্যের মন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা অগ্নিমিত্রা পালও এই পদক্ষেপকে যৌক্তিক বলে অভিহিত করেছেন।
তার দাবি, অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানে রাষ্ট্রবিরোধী শিক্ষার প্রচার চলত এবং বাংলাদেশভিত্তিক সন্ত্রাসীরা সেখানে আশ্রয় নিত। শিক্ষাব্যবস্থাকে সুশৃঙ্খল করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, সরকারের এই অবস্থানের সমালোচনা করে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, মাদ্রাসা কেবল একটি শিক্ষাব্যবস্থা মাত্র এবং এর বিরুদ্ধে ঢালাওভাবে 'সন্ত্রাসী তকমা' দেওয়া কোনোভাবেই ঠিক নয়।
সূত্র : এনডিটিভি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









