
বাংলাদেশের শিল্প খাতে উৎপাদন পরিস্থিতি ক্রমেই চাপের মুখে পড়ছে। বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় বিপাকে পড়েছেন শিল্পোদ্যোক্তারা। উৎপাদন প্রায় আগের বছরের একই সময়ের পর্যায়ে থাকলেও কারখানার সক্ষমতা ব্যবহারের হার কমেছে। কমেছে শ্রমিকের সংখ্যাও। নতুন কর্মী নিয়োগ ও বিদ্যমান কর্মসংস্থান—দুই ক্ষেত্রেই দেখা দিয়েছে নেতিবাচক প্রবণতা। অন্যদিকে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়িক মুনাফার ওপরও চাপ তৈরি হয়েছে। সব মিলিয়ে দেশের উৎপাদনশীল শিল্প খাতে এক ধরনের স্থবিরতার চিত্র ফুটে উঠেছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে পরিচালিত ‘বিআইডিএস-বিসিআই ইনস্টিটিউট ১০০ সূচক’-এর প্রথম রাউন্ডের ফলাফলে শিল্প খাতের এমন চিত্র উঠে এসেছে। এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকে দেশের ১০৩টি উৎপাদনকারী কারখানার তথ্য বিশ্লেষণ করে এ সূচক তৈরি করা হয়েছে। ২০২৫ সালের গড় ত্রৈমাসিক পরিস্থিতির সাথে তুলনা করে তৈরি এ প্রতিবেদনে উৎপাদন, উপকরণ, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাব—চারটি পৃথক সূচকে শিল্পের বাস্তব অবস্থা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, উৎপাদন বাড়ানোর পরিবর্তে অনেক কারখানা আগের উৎপাদন ধরে রাখতেই হিমশিম খাচ্ছে। এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাগুলোর প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় প্রায় অপরিবর্তিত থাকলেও সামগ্রিক হিসাবে ০.৮ শতাংশ কমেছে। এ সময়ে ৪০টি কারখানায় উৎপাদন পাঁচ শতাংশের বেশি বাড়লেও ৩০টি কারখানায় উৎপাদন কমেছে। অর্থাৎ কিছু কারখানায় উৎপাদন বাড়লেও সামগ্রিক শিল্প পরিস্থিতিতে তার ইতিবাচক প্রভাব পড়েনি।
উৎপাদন সক্ষমতা ব্যবহারের হারও কমেছে। আগের ৬৭ শতাংশ থেকে তা নেমে এসেছে ৬৬ শতাংশে। তবে খাতভেদে পরিস্থিতির পার্থক্য আরও স্পষ্ট। বিশেষ করে বস্ত্র খাতে সক্ষমতা ব্যবহারের হার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে এ খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ। বিপরীতে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে দুই শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বৃহত্তর শিল্প উৎপাদন সূচক বা এলএসএমেও একই ধরনের দুর্বলতার আভাস পাওয়া গেছে। এ সূচক ২.১ শতাংশ কমে ২০২৫ সালের স্তরের নিচে অথবা কাছাকাছি অবস্থানে রয়েছে।
শিল্পের উৎপাদন ব্যাহত হওয়ার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের । প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার সময় দৈনিক গড়ে ৪.১ ঘণ্টায় পৌঁছেছে, যা ২০২৫ সালের তুলনায় দ্বিগুণ। একই সময়ে গ্যাস সরবরাহে বিঘ্নের সময় ০.৯ ঘণ্টা থেকে বেড়ে ৩.২ ঘণ্টা হয়েছে। ফলে উৎপাদন সচল রাখতে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে কারখানাগুলোকে।
প্রতিবেদনে দেখা যায়, কারখানাগুলোতে সরকারি সরবরাহ থেকে পাওয়া বিদ্যুতের অংশ ৮৬ শতাংশ থেকে কমে ৭৭ শতাংশে নেমেছে। ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটকে তাদের ব্যবসার অন্যতম প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছে। প্রতিটি কারখানায় জ্বালানি খরচ গড়ে পাঁচ শতাংশ বেড়েছে। পাশাপাশি বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ব্যয় ও ব্যবহারও বেড়েছে। ৮৪ শতাংশ কারখানায় জেনারেটর চালাতে ডিজেলের ব্যবহার বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে উৎপাদন চালু রাখার জন্য উদ্যোক্তাদের বাড়তি আর্থিক চাপ বহন করতে হচ্ছে।
শিল্প খাতের এই চাপের প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। প্রতিবেদন অনুযায়ী, জরিপভুক্ত কারখানাগুলোতে মোট শ্রমিকের সংখ্যা এক শতাংশ কমে এক লাখ ৩৭ হাজার ১০০ থেকে এক লাখ ৩৫ হাজার ৭০০-তে নেমেছে। প্রতিটি কারখানায় নতুন নিয়োগ এবং নতুন নিয়োগ বাদে বিদ্যমান চাকরির সংখ্যা—দুই ক্ষেত্রেই ১৯ শতাংশ পতন হয়েছে। অর্থাৎ নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, বরং চাকরি ছেড়ে যাওয়া শ্রমিকদের জায়গা পূরণ করতেই অধিকাংশ নতুন নিয়োগ ব্যবহৃত হচ্ছে। এটি শিল্প খাতে কর্মসংস্থান সম্প্রসারণের দুর্বলতার ইঙ্গিত দেয়।
এদিকে, উদ্যোক্তাদের ব্যবসায়িক মনোভাবেও ইতিবাচক পরিবর্তন আসেনি। প্রতিবেদনে ব্যবহৃত চারটি পৃথক সূচকের মধ্যে উৎপাদন, উপকরণ, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাবের চিত্র বিশ্লেষণ করা হয়েছে। সূচকের ৫০ পয়েন্টকে অপরিবর্তিত অবস্থার মানদণ্ড ধরা হয়েছে। ৫০-এর নিচে অবস্থান মানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবনতি। জরিপে ব্যবসায়িক মনোভাবের পাঁচটি সূচকই ৫০-এর নিচে, ৩৬ থেকে ৪৩-এর মধ্যে অবস্থান করছে। আগামী তিন মাসের প্রত্যাশার ক্ষেত্রেও উদ্যোক্তাদের মনোভাব খুব একটা আশাব্যঞ্জক নয়। তাদের প্রত্যাশা সূচক ৪৯ থেকে ৫৪-এর মধ্যে। অর্থাৎ উৎপাদনে সামান্য উন্নতির আশা থাকলেও ব্যবসায়িক পরিবেশ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









