রামগড়ে বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা 
সভায় ৪৩ বিজিবির অধিনায়ক ও রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলাম সভাপতির বক্তব্য রাখেন। নয়া দিগন্ত
ads

খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিজিবির ৪৩ রামগড় ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় ৪৩ বিজিবির সদর দফতরের বাস্কেটবল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিজিবির ৪৩ রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলাম।

৪৩ বিজিবির সহকারী পরিচালক শামছুল হকের পরিচালনায় সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, বাগান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক বাবুল, উত্তর ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু ও সাংবাদিক করিম শাহ বক্তব্য রাখেন। 

সভায় আমন্ত্রিত অতিথিরা জানান, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা নিজ নিজ এলাকায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য প্রতিহত করে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন। একইভাবে ডিসেম্বর মাসে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেন বাংলাদেশে অনুপ্রবেশ না করতে পারে এবং দেশ থেকে পালাতে না পারে, সেই বিষয়ে বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। একইসাথে, এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলাম বলেন, ‘সীমান্ত এলাকার অপ্রীতিকর ঘটনাসহ আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো পরিস্থিতি দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও গুজব প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সবার দায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের গুজব প্রতিরোধে উপস্থিত সবার সর্বাত্মক সহযোগিতা চাই।’

সভায় স্থানীয় হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।