মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬
নৌবাহিনীর ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত । নয়া দিগন্ত

দেশের জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন, বংশবিস্তার ও সংরক্ষণ নিশ্চিত করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সমাপ্ত হয়েছে। 

Advertisement

সরকার ঘোষিত ৮ অক্টোবর ২০২৬ থেকে শুরু হওয়া ২২ দিনের এই অভিযান নৌবাহিনীর নিয়মিত টহল ও অপারেশনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।

অভিযানকালে মোট ২১২টি অপারেশন পরিচালনা করে ৮৪,২১,৬৭০ মিটার এবং ১৬৬টি বিভিন্ন ধরনের অবৈধ জাল, ৪টি বোট ও ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পাশাপাশি ৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৬১,১৮,০৩,৮৯০ (একষট্টি কোটি আঠারো লাখ তিন হাজার আটশত নব্বই) টাকা।

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে নৌবাহিনী দেশের ৯টি জেলায় ৭টি জাহাজ ও কন্টিনজেন্টের মাধ্যমে প্রতিনিয়ত টহল ও নজরদারি পরিচালনা করে। গভীর সমুদ্রে দেশী-বিদেশী মৎস্যযানের অবৈধ অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ প্রতিরোধে জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়। এছাড়া নৌবাহিনীর বোট ও কন্টিনজেন্টসমূহ সমুদ্র, উপকূলীয় অঞ্চল এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীসহ ইলিশের প্রধান প্রজনন স্থানসমূহে দায়িত্ব পালন করে।

স্থানীয় প্রশাসন, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ, অন্যান্য বাহিনী ও মৎস্য অধিদফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে উদ্ধারকৃত অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মা ইলিশ স্থানীয় এতিমখানায় দান করা হয়। আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবহৃত বোটগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার-প্রচারণাও চালানো হয়।

উল্লেখ্য, সরকারের নির্দেশনায় পরিচালিত বাংলাদেশ নৌবাহিনীর এই অভিযান মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি দেশের ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় জেলেরা পুনরায় স্বাভাবিকভাবে মৎস্য আহরণ ও জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন। এর ফলে দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনার পথ আরো সুগম হচ্ছে।