ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত। সংগৃহীত

ঢাকা সেনানিবাসস্থ আর্মি শুটিং কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড-এর সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার সফল আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল এম খায়ের উদ্দীন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিট ও সংস্থার সেনাসদস্য এবং প্রতিযোগী শ্যুটাররা উপস্থিত ছিলেন।

গত ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ছয়টি ইভেন্টের ওপর সাতটি ডিভিশনের সর্বমোট ৮৪ জন শ্যুটার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দলগতভাবে চমৎকার নৈপুণ্য দেখিয়ে চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ঘাটাইল সেনা শুটিং ক্লাব রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়াও ব্যক্তিগত পারফরম্যান্সে অসাধারণ সাফল্য দেখিয়ে যশোর সেনা শুটিং ক্লাব-এর সৈনিক মো: ইউসুফ আলী প্রতিযোগিতার শ্রেষ্ঠ শুটার নির্বাচিত হন। এই আয়োজনের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, একাগ্রতা ও ক্রীড়াশৈলীর চমৎকার প্রতিফলন ঘটেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।