এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে তিন দিনব্যাপী গ্লোবাল সামিট শুরু ২৫ সেপ্টেম্বর
নয়া দিগন্ত অনলাইন2 মিনিটে পড়ুন
এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’ ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্যবসা রূপান্তর নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’ আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত হবে।
‘এআইফোরবিটি গ্লোবাল’ আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ, গবেষক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।
সম্মেলনে ব্যবসা ও প্রতিষ্ঠানে এআইয়ের ব্যবহার, ডিজিটাল রূপান্তর, অটোমেশন, তথ্য বিশ্লেষণ এবং নিরাপদ ও দায়িত্বশীল এআই ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
আয়োজকরা জানান, এআইয়ের মাধ্যমে ব্যবসার কাজ আরো সহজ ও কার্যকর করা এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করাই সম্মেলনের অন্যতম লক্ষ্য।
পাশাপাশি এআই ব্যবহারে নৈতিকতা, সুশাসন ও তথ্য নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেয়া হবে।
সম্মেলনে নেতৃত্ব কৌশলবিদ ও রেসপনসিবল এআই অ্যাডভাইজর ফ্র্যাঙ্ক লিবার, গভর্ন্যান্স ও এআই অ্যাডভাইজর সারা করনেট, সাইবার সিকিউরিটি ও ডেটা গভর্ন্যান্স বিশেষজ্ঞ ড. শরিফুল ইসলাম, এআই ট্রান্সফরমেশন কোচ মো: মাহমুদুল হাসানসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন।
এছাড়া ড. আসিফ নাঈমুর রশীদ, ড. আব্দুর রাজ্জাক ও ড. আরিফ আজাদসহ প্রযুক্তি ও ব্যবসা রূপান্তর বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা আলোচনায় যুক্ত থাকবেন।
তিন দিনের সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা, প্রযুক্তিবিষয়ক কর্মশালা ও ভার্চুয়াল নেটওয়ার্কিংয়ের আয়োজন থাকবে। বিশ্বের যেকোনো স্থান থেকে এতে অংশ নেয়া যাবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনের নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহীরা সম্মেলনের ওয়েবসাইটে গিয়ে ভার্চুয়াল পাস সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠান আয়োজকদের মধ্যে রয়েছেন এআই ট্রান্সফরমেশন কোচ ও কনসালটেন্ট মাহমুদ হাসান এবং বিজনেস ট্রান্সফর্মেশন আরকিটেকট সাদিক এম আলম।
সূত্র : বাসস