
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে করিম সরকার (২৯) নামে ওই হাসপাতালের এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত করিম সরকার উপজেলার কর্ণসূতি এলাকার বাসিন্দা। আউটসোর্সিংয়ের মাধ্যমে তিনি ওই হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, জ্বরে আক্রান্ত এক নারী গত শুক্রবার বিকেলে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শনিবার ভোরে করিম নারী ওয়ার্ডে গিয়ে ওই নারীর নাম-ঠিকানা এবং ডেঙ্গু জ্বর হয়েছে কি না, তা জানতে চান। একপর্যায়ে তিনি নারীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ সময় ওই নারী চিৎকার করে তার মাকে ডাকেন। পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। অভিযোগ ওঠার পর অভিযুক্ত ওয়ার্ডবয় পালিয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মী জানান, এর আগেও করিমের বিরুদ্ধে এক নারীর সঙ্গে একই ধরনের আচরণের অভিযোগ উঠেছিল। ওই সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।
ভুক্তভোগী নারী বলেন, ওই ওয়ার্ডবয় আমার কাছে এসে নাম-ঠিকানা জানতে চান এবং ডেঙ্গু জ্বর হয়েছে কি না, তা জিজ্ঞেস করেন। কথা বলার একপর্যায়ে তিনি আমার কপাল ও গলায় হাত দেন। পরে পিঠে হাত দিয়ে বুকে স্পর্শ করেন। এ সময় আমি চিৎকার করি এবং পরে নার্সকে বিষয়টি জানাই।
হাসপাতালের বহির্বিভাগের ইনচার্জ ও জ্যেষ্ঠ স্টাফ নার্স রূপালী খাতুন বলেন, বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় হাসপাতালের কর্মীরাও নিরাপত্তাহীনতায় রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল মুকিত বলেন, ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত করিম সরকার ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








