
ক্রীড়া ডেস্ক
ফুটবল ক্যারিয়ার শেষ করার পর আমেরিকান ফুটবলের এনএফএলে কিকার হিসেবে খেলার কথা ভাবছেন ইংল্যান্ডের অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।
গত বুধবার ইংল্যান্ডের উয়েফা নেশনস লিগের ক্যাম্পে কথা বলার সময় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইঙ্গিত দেন কেন। এর আগে গলফ ও আমেরিকান ফুটবলে ক্যারিয়ার গড়ার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। এবার এনএফএলে কিকার হওয়ার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে ভাবছেন বলে জানিয়েছেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।
কেন বলেন, ‘এটি এমন একটি বিষয়, যা নিয়ে আমি আরো গুরুত্ব দিয়ে ভাবতে চাই। আগামী পাঁচ-ছয় বছরে আমার ফুটবল ক্যারিয়ার কিভাবে এগোয়, তার ওপর অনেক কিছু নির্ভর করবে। গলফের চেয়ে এনএফএলে যাওয়ার সম্ভাবনাই বেশি বাস্তবসম্মত।’
ইংল্যান্ডের হয়ে ১২১ ম্যাচে ৮৫ গোল করেছেন কেন। এর মধ্যে ২৫টি এসেছে পেনাল্টি থেকে। তার মতে, পেনাল্টি নেয়ার অভিজ্ঞতা এনএফএলের কিকার হওয়ার েেত্র কিছুটা সুবিধা দিতে পারে। তবে নতুন খেলায় সফল হতে হলে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন বলেও স্বীকার করেছেন তিনি।
‘পেনাল্টি নেয়ার েেত্র চাপ ও কৌশল অনেকটাই কাছাকাছি। তবে যেকোনো পেশাদার খেলাই টেলিভিশনে সহজ মনে হয়। আমি যদি এটি করি, তাহলে গুরুত্ব দিয়েই করব। হয়তো ছয় মাস থেকে এক বছর আগে থেকেই অনুশীলন শুরু করতে হবে,’ বলেন কেন। ভবিষ্যতে এমএলএসে খেললে ফুটবল ও আমেরিকান ফুটবলের দুই মৌসুমকে কাজে লাগানোর সুযোগ হতে পারে বলেও জানান তিনি। তবে আপাতত ফুটবলেই মনোযোগ কেনের। বায়ার্নের সাথে নতুন চুক্তির আলোচনা এগোচ্ছে। কেন জানান, কয়েকটি বিষয় চূড়ান্ত হলেই শিগগিরই নতুন চুক্তির ঘোষণা আসতে পারে।








