পোরশায় বিএমডিএ’র ১৬টি গাছ কর্তন

পোরশা (নওগাঁ) সংবাদদাতা 
নওগাঁর পোরশায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপরে (বিএমডিএ) রোপণ ও সংরণের আওতাভুক্ত ১৬টি শিশুগাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত ৩০ আগস্ট উপজেলার ফকিরের মোড়-বড়গুন্দইল দাখিল মাদরাসা সংলগ্ন সড়কের পাশে এ গাছগুলো ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরজমিন তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নিতে বিএমডিএ পোরশা জোনের সহকারী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা আইনুল হক।
আবেদন সূত্রে জানা যায়, বড়গুন্দইল গ্রামের তৈয়বুর রহমান, আমিনুল ইসলাম ও মীর কাশেম কর্তৃপরে অনুমতি ছাড়াই প্রকাশ্যে সরকারি গাছগুলো কেটে ফেলেন এবং বিক্রি করে অর্থ আত্মসাত করেন। এ বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইনুল হক। স্থানীয় কয়েকজন বাসিন্দাও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।