
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের নবীনবরণ চলাকালে ছাত্রদল কর্তৃক হামলা, অফিস ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিবির নেতা-কর্মীরা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান চলাকালে শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, অফিস ভাঙচুর এবং দোকানপাটে ভাঙচুর চালায় ছাত্রদল। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে তাৎক্ষণিকভাবে এ বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ছাতক উপজেলা শিবির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সুনামগঞ্জ জেলা সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘বর্তমানে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পুরোনো ও সহিংস পথেই হাঁটছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদলকে অবিলম্বে এ সহিংস পথ থেকে ফিরে আসতে হবে।’
বক্তারা শিবিরের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।








