ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জাহিদুল ইসলাম নয়া দিগন্ত

সিলেট এমসি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এমসি কলেজ অডিটোরিয়ামে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশ ও সমাজকে নেতৃত্ব দেয়ার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান বা ভালো সার্টিফিকেট নয়; নৈতিকতা, আদর্শ ও দক্ষতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় স্কিল অর্জন করে অন্যদের চেয়ে নিজেকে এগিয়ে রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘ভালো কিংবা খারাপ হওয়া প্রত্যেকের নিজের হাতে। বাবা-মায়ের স্বপ্ন বিফলে না দিয়ে শিক্ষার্থীদের ভালো পথে থাকতে হবে, পড়ালেখা করতে হবে এবং যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ জীবন গঠনে ভূমিকা রাখতে হবে।’

সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুশৃঙ্খল ক্যারিয়ার গঠনে ছাত্রশিবির পাশে ছিল, আছে এবং থাকবে।’

এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো: আবু তাহের মিসবাহের সভাপতিত্বে ও কলেজ সেক্রেটারি অলিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল, সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু ও মহানগর শিক্ষা সম্পাদক সাইফুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুলসহ ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সহস্রাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে ফুল দিয়ে নবীনদের বরণ এবং ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।

নবীন বরণ উপলক্ষে আয়োজিত অনলাইন রচনা প্রতিযোগিতায় প্রায় ১৫০ জন অংশ নেন। তাদের মধ্যে তিনজনকে সার্টিফিকেট ও নগদ অর্থ দেয়া হয়। পাশাপাশি অডিটোরিয়ামের বাইরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বরণসঙ্গীত ও ইসলামী সঙ্গীত পরিবেশনের পর সভাপতি মো: আবু তাহের মিসবাহের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উপহার ও খাবার বিতরণ করা হয়।