
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
জুলাই জাতীয় সনদের পে গণভোটে দেয়া জনগণের রায় অস্বীকার করার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো: রমজান আলী। তিনি বলেন, নির্বাচনের আগে সনদের পে অবস্থান নেয়া হলেও মতায় আসার পর সংশ্লিষ্টদের অবস্থানে পরিবর্তন এসেছে।
গত বুধবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজরা বাসস্ট্যান্ডের আসাদ সুপার মার্কেটে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতের মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াত এ সভার আয়োজন করে।
অধ্যাপক রমজান আলী বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে জুলাই সনদের পে মত দিয়েছেন। সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের এ রায় উপো করা উচিত নয়। নির্বাচনের আগে বিএনপিও জুলাই সনদের পে ‘হ্যাঁ’ ভোট চেয়েছিল জানিয়ে তিনি বলেন, সরকার গঠনের পর আগের অবস্থান থেকে সরে আসা জনগণের রায়ের সাথে অসংগতিপূর্ণ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও জ্বালানি তেলের দাম বাড়ার সমালোচনা করেন তিনি। পরে ডুমরাকান্দা বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও চার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়।








