ইরানের এমপি হোসেইনআলী হাজি দেলিগানি
ইরানের এমপি হোসেইনআলী হাজি দেলিগানি। সংগৃহীত

যুক্তরাষ্ট্র বা ইসরাইল নতুন করে ইরানে হামলা চালালে তার পাল্টা জবাবে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে তেহরান—এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সংসদ সদস্য হোসেইনআলী হাজি দেলিগানি। একইসাথে তিনি সতর্ক করে বলেছেন, নতুন করে সঙ্ঘাত শুরু হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে জর্ডানের সংবাদমাধ্যম রোয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহিন শাহরের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য হোসেইনআলী হাজি দেলিগানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের যেকোনো নতুন হামলার জবাবে ইরান বড় ধরনের পাল্টা আঘাত হানতে প্রস্তুত। এ ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপের ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে।

তাসনিমকে দেয়া বক্তব্যে হাজি দেলিগানি বলেন, ‘পাল্টা জবাব দেয়ার জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপকেও অন্তর্ভুক্ত করবে। এর ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারের সীমা ছাড়িয়ে যেতে পারে।’

Advertisement

তিনি আরো বলেন, সম্ভাব্য হামলার ধরন কিংবা ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরানের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রাখা হবে না। প্রত্যাশিত পাল্টা পদক্ষেপকে ‘বিশাল, বহুগুণ ও কৌশলগত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখাকে গুরুত্ব দেয়া হবে না।

ইরানি এই আইনপ্রণেতার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, নতুন করে সঙ্ঘাত শুরু হলে তা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে আরো বিস্তৃত হতে পারে। তবে তিনি ইউরোপের কোনো নির্দিষ্ট দেশ বা স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেননি। ক্ষেপণাস্ত্রের সক্ষমতা সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য দেননি।

এদিকে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকেও দেশটির বিরুদ্ধে ‘যুদ্ধের একটি ধরন’ বলে অভিহিত করেছেন হাজি দেলিগানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উপযুক্ত সময়ে ইরানি বাহিনী মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে এর জবাব দেবে।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং সঙ্ঘাতের অবসানে দুই দেশের মধ্যে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টার মধ্যেই ইরানি এই আইনপ্রণেতার বক্তব্য সামনে এলো।

তবে এসব বক্তব্য হাজি দেলিগানির ব্যক্তিগত হুঁশিয়ারি। এর মাধ্যমে ইরান ইউরোপের দেশগুলোকে লক্ষ্যবস্তু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে—এমন কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সূত্র : রোয়া নিউজ