মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম। ফাইল ছবি
ads

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ ২২ বছরের পথচলা শেষের পথে মুশফিকুর রহিমের। রঙিন পোশাক তো আগেই তুলে রেখেছিলেন, এবার সাদা পোশাককেও অবসরে পাঠানোর ছক এঁকে ফেলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নামবেন তিনি।

বিসিবি সভাপতি তামিম ইকবাল মুশফিকের বিদায়ের ঘোষণা দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে আবেগঘন এক বার্তা দিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

বার্তার শুরুতেই নিজের ক্রিকেটজীবনের এই দীর্ঘ সময়কে অসাধারণ এক যাত্রা হিসেবে উল্লেখ করেছেন মুশফিক। একই সাথে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাওয়াকে জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব বলে অভিহিত করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাতে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’

দীর্ঘ এই পথচলায় যারা তার পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মুশফিক। পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের ভালোবাসা এবং নিরবচ্ছিন্ন সমর্থনের কথা বিশেষভাবে স্মরণ করেছেন তিনি। মাঠে নামার সময় দর্শকদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে নিজের নামে ওঠা স্লোগান যে তার কাছে কতটা আবেগের, সেটিও উঠে এসেছে বিদায়ী বার্তায়।

এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’

তবে বিদায়বার্তায় শুধু ক্রিকেট কিংবা নিজের অর্জনের কথাই বলেননি মুশফিক। জীবনের সাফল্যের পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে ওঠার গুরুত্বও তুলে ধরেছেন তিনি। বিনয়ী থাকা, মানুষের প্রতি সদয় হওয়া এবং অন্যদের অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছেন সবাইকে।

তার ভাষায়, ‘জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি।’

ক্রিকেটের পরিচিত অধ্যায় পেছনে ফেলে এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চান মুশফিক। সেই যাত্রায় মহান আল্লাহর ওপর ভরসা রাখার কথাও জানিয়েছেন। লিখেছেন, ‘আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ।’

বার্তার শেষাংশে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।