
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় দাম বৃদ্ধির কথা জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম আজ রাত থেকেই কার্যকর হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করেছে বিইআরসি। এতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা তাদের কমিশন বাড়ানোর দাবি জানিয়েছিলেন।
শুনানি শেষে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ শুনানিতে আসা সবার মতামত বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেয়ার কথা বলেছিলেন।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছিল সরকার।
বাংলাদেশে এলপিজি আমদানি ৯৮ শতাংশের বেশি বেসরকারি কোম্পানি।
বিইআরসির তথ্য অনুযায়ী, দেশে ৩২/৩৩টি কোম্পানির লাইসেন্স রয়েছে, তবে গ্যাস আমদানি করছে ১০-১২টি কোম্পানি।
উল্লেখ্য, বাংলাদেশে কয়েক মাস ধরেই এলপিজি বাজারে একটা সঙ্কট এবং অতিরিক্ত দাম বৃদ্ধি নিয়ে যে অস্থিরতা দেখা গেছে সেটি সরকারিভাবে গ্যাসের দাম বাড়ানোর পরেও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এমনকি এক মাসেই এলপিজির দাম বাড়ালেও বাজারে তার চেয়েও অনেক বেশি দরে বিক্রি হচ্ছিল ভোক্তাদের কাছে।
এমন পরিস্থিতিতে আবারো এলপি গ্যাসের দাম বাড়ালো কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। যার ফলে বাংলাদেশসহ বিশ্ববাজারে প্রতিনিয়তই বাড়ছে জ্বালানি তেল ও গ্যাসের দাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








