
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলায় মোট এক লাখ ৩২ হাজার ১৬৪টি অর্থনৈতিক ইউনিটে কর্মরত আছেন দুই লাখ ৪৫ হাজার ৯৫ জন। এর মধ্যে পুরুষ ৮৭ দশমিক ৪৮ শতাংশ এবং নারী মাত্র ১২ দশমিক ৫২ শতাংশ। গতকাল রোববার (২২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল প্রকাশনা এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে উপস্থাপিত তথ্যে দেখা যায়, জেলার মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে স্থায়ী প্রতিষ্ঠান ৭০ হাজার ৭৩৬টি, অস্থায়ী প্রতিষ্ঠান তিন হাজার ৩৯৯টি এবং অর্থনৈতিক পরিবার ৫৮ হাজার ২৯টি।
কর্মসংস্থানে যুক্ত দুই লাখ ৪৫ হাজার ৯৫ জনের মধ্যে পুরুষ দুই লাখ ১৪ হাজার ৩৯৭ জন এবং নারী ৩০ হাজার ৬৯৮ জন। এ ছাড়া গ্রামাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন এক লাখ ৬৮ হাজার ৩৯৪ জন এবং শহরাঞ্চলে ৭৬ হাজার ৭০১ জন। উপজেলাভিত্তিক হিসাবে কর্মসংস্থানে শীর্ষে রয়েছে পটুয়াখালী সদর উপজেলা (৫৩ হাজার ৫৫০ জন); এরপর কলাপাড়ায় ৫২ হাজার ৫৯১ জন এবং বাউফলে ৩৬ হাজার ২০০ জন কর্মরত আছেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, অর্থনৈতিক শুমারিতে কৃষি, শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাত অন্তর্ভুক্ত হয়নি। মূলত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর অবস্থান এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যেই এ শুমারি পরিচালিত হয়েছে।
সেমিনারে আরো বক্তব্য দেন- পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া ও পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শহীদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম ফজলুল করিম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুল হুসাইনসহ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









