
নোয়াখালী অফিস
নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছর বয়সী মাদরাসাছাত্রী তাইবা ইলহাম নুহা হত্যার ১৫ দিন পেরিয়ে গেলেও জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে শিশুটির পরিবার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেয়া হয়েছে।
নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে সদর উপজেলার মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্র জানায়, গত ৯ নভেম্বর মাদরাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি নুহা। পরে সন্ধ্যায় সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি স্বজনদের।
প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে। পরে নুহার মা বাদি হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন গত ১৭ নভেম্বর হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকারীকে শনাক্ত করতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছেন। বেগমগঞ্জ মডেল থানার ওসি সামছু জামান জানান, মামলাটি তদন্তাধীন। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় আনা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









