
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে লিপি আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী লাভলু মিয়ার বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে তারাব পৌরসভার রূপসী কলাবাগান এলাকার একটি ভাড়া বাসার টয়লেট থেকে লিপির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
প্রতিবেশীরা জানান, অন্য এক নারীর সাথে সম্পর্ক নিয়ে কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে বাসায় ফেরেন লাভলু। এরপর চিৎকার শুনতে পান তারা। সিসিটিভি ফুটেজে রাতেই লাভলুকে বাসা থেকে বের হতে দেখা গেছে।
ভোরে টয়লেটে লিপির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয় তাকে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









