আন্তর্জাতিক অলিম্পিয়াডে যাচ্ছে রাজবাড়ীর নিবির
ads

রাজবাড়ী প্রতিনিধি

মাত্র ১০ বছর বয়সেই জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দির খুদে শিক্ষার্থী মুনতাছির আবিদ নিবির। আগামী ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেয়ার কথা রয়েছে তার। নিবির বালিয়াকান্দি উপজেলার নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। সে ঘিকমলা গ্রামের আসাদুজ্জামান ও শিক্ষিকা নাসরিন বেগম দম্পতির সন্তান।
সম্প্রতি আয়োজিত জাতীয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে কৃতিত্বের স্বাক্ষর রেখে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে নিবির। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সনদ ও মেডেল তুলে দেয়া হয়। ছোটবেলা থেকেই গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ নিবিরের। ইন্টারনেটে বিজ্ঞানবিষয়ক ভিডিও দেখে জ্ঞান অর্জনের পাশাপাশি মোবাইল ফোনকে শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করে সে।
 নিজের আগ্রহ থেকেই অনলাইনে আবেদন করে জাতীয় অলিম্পিয়াডে অংশ নেয়। ছেলের সাফল্যে আনন্দিত মা নাসরিন বেগম বলেন, ছোটবেলা থেকেই নতুন কিছু জানার প্রতি নিবিরের আগ্রহ রয়েছে। পরিবার থেকে সবসময় তাকে উৎসাহ ও সহযোগিতা দেয়া হয়েছে। আন্তর্জাতিক মঞ্চেও সে দেশের সম্মান বয়ে আনবে বলে তাদের প্রত্যাশা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার বলেন, নিবির অত্যন্ত মেধাবী ও কৌতূহলী শিক্ষার্থী। তার এ অর্জনে শিক্ষক ও সহপাঠীরা গর্বিত।