পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়া দিগন্ত
ads

ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করলেও দেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে (রোববার) তিনি জানান, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ

সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, বাংলাদেশের সাথে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়, সেই সিদ্ধান্ত নয়াদিল্লিকেই নিতে হবে।

প্রত্যর্পণ ও ঢাকা-দিল্লি কূটনীতি

শামা ওবায়েদ উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। ঢাকা আশা করছে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে নয়াদিল্লি তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে, যাতে তিনি বিচারের মুখোমুখি হতে পারেন। তবে তাকে ফিরিয়ে আনতে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সাথে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।

আরো পড়ুন : ‘বেশির ভাগ পুরুষই স্ত্রী খুঁজতে ইসলাম গ্রহণ করেন’

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও গত এপ্রিল মাসে তারা জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো অনুরোধটি তারা খতিয়ে দেখছে।

পাসপোর্ট আবেদন প্রত্যাখ্যান ও সাম্প্রতিক অস্থিরতা

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেশে ফেরার প্রস্তুতি হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করলেও সরকার তা প্রত্যাখ্যান করেছে।

এদিকে, তার দেশে ফেরার দাবিতে চলতি মাসে ধারাবাহিক বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ। এর ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচি পালন করে দলটি। গত ১০ দিনে দেশের ২৮টি জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

পাল্টাপাল্টি বক্তব্য ও প্রেক্ষাপট

সাম্প্রতিক এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ দলের টিকে থাকার কৌশল হিসেবে অভিহিত করেছেন শামা ওবায়েদ। অন্যদিকে, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেই অস্থিরতার সময় প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছিলেন।