
শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই রিক হক সিকদারের স্বার্থসংশ্লিষ্ট আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন আটটি এয়ারক্রাফট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: শাহজাহান কবির এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও সদস্যবৃন্দের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে-বেনামে জনগণের আমানতকৃত অর্থ লুটপাটসহ ঘুষের বিনিময়ে বিধি-বহির্ভূতভাবে ঋণ দেয়া ও মানিলন্ডারিংয়ের অভিযোগ তথা ‘সিকদার গ্রুপ সংশ্লিষ্ট অভিযোগ’ অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ অনুসন্ধানকালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সিকদার পরিবারের সদস্যগণ কর্তৃক দেশের বিভিন্ন ব্যাংকে জনগণের আমানতকৃত হাজার হাজার কোটি টাকা বিধিবহির্ভূতভাবে নামে/বেনামে ঋণ হিসেবে বিতরণ এবং পরবর্তীতে লেয়ারিংয়ের মাধ্যমে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে আত্মসাৎপূর্বক মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটনের তথ্য পাওয়া যায়।
আবেদনে আরো বলা হয়েছে, সিকদার পরিবারের সদস্যগণ জনগণের লুটকৃত উক্ত অর্থের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায়, রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানাধীন আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এয়ারক্রাফট ও হেলিকপ্টার সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে উড়োজাহাজ পরিচালক হিসেবে নিবন্ধিত এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে তাদের চার্টার ফ্লাইট ও উড়োজাহাজ পরিচালনা কার্যক্রম পরিচালনা করে থাকে।
আবেদনে আরো বলা হয়েছে, গোপন সূত্রে জানা গেছে, সিকদার গ্রুপের অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের মালিকানাধীন এয়ারক্রাফট বা হেলিকপ্টারগুলো গোপনে বিক্রয়ের চেষ্টা চলছে। অনুসন্ধান কার্যক্রম সমাপ্তির পূর্বে এয়ারক্রাফট বা হেলিকপ্টারগুলো বিক্রয়, স্থানান্তর বা হস্তান্তরিত হয়ে গেলে অনুসন্ধান কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রমাণ ও সম্পদ শনাক্তকরণ এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। সুতরাং, অনুসন্ধানের স্বার্থে এবং সম্পদের স্থানান্তর বা অপসারণ রোধকল্পে এয়ারক্রাফট বা হেলিকপ্টারসমূহ অবিলম্বে আদালতের আদেশের মাধ্যমে জব্দ করা প্রয়োজন।
এমতাবস্থায়, রন হক সিকদার ও রিক হক সিকদারের স্বার্থসংশ্লিষ্ট আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন এয়ারক্রাফট ও হেলিকপ্টারসমূহ দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক অপরাধলব্ধ স্থাবর সম্পদ ক্রোককরণের আদেশ প্রদানে আদালতের সদয় মর্জি হয়।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









