চোরাচালান, মদ, ভারতীয় চোরাচালান, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, অভিযান, আটক
বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিরা। নয়া দিগন্ত
ads

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২১ লাখ ৪৮ হাজার ৭০ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ৭ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের কালু মণ্ডলের ছেলে সৌভন মণ্ডল (২৮) ও গাংনী উপজেলার রংমহল গ্রামের ইউনুস আলীর ছেলে ইলাহী (৩২)।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভাঙাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে সৌভনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন বোতল ভারতীয় ফেনসিডিল, ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ইলাহী নামে আরেকজনকে আটক করে বিজিবি। তার কাছ থেকে আট বোতল ভারতীয় মদ ও সাত হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এছাড়া রাত ১১টা ৫০ মিনিটের দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠে পৃথক অভিযান চালায় বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ ও ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৩১ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানায়, তিনটি অভিযানে আটক ও উদ্ধার করা মালামালের সর্বমোট সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৭০ টাকা।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ জানান, সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রয়েছে। সীমান্তে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।