ড. আবদুল লতিফ মাসুম
ড. আবদুল লতিফ মাসুম। নয়া দিগন্ত
ads

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান প্রফেসর ইউনূসের পক্ষ থেকে সম্ভবত এটাই প্রথম বিবৃতি। গত কয়েক দিনে আওয়ামী তাণ্ডবে কমবেশি সারা দেশ আক্রান্ত হয়েছে। গোপালগঞ্জে যা হয়েছে তাকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ ‘বিদ্রোহ’ বলছেন। এই তাণ্ডব তথা বিদ্রোহের বড় একটি লক্ষ্যবস্তু ছিল গ্রামীণ ব্যাংক। সেই কারণে প্রফেসর মুহাম্মদ ইউনূসের এই বিবৃতি, তিনি ব্যাংকটি রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে এসব হামলার পরিকল্পনাকারী ও জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রকাশিত বিবৃতিতে নোবেল জয়ী এই অধ্যাপক বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা জড়িত। চট্টগ্রামে তার নিজের বাড়িতেও হামলা হয়েছে বলে জানান তিনি। তিনি উল্লেখ করেন, ওই বাড়ি থেকেই তার কাজের সূচনা হয়েছিল। পরবর্তীকালে এটি গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। সেই বাড়িতে অবস্থানকারী পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে তিনি উদ্বেগজনক ও মর্মান্তিক বলেছেন। তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের মালিকানাধীন বিশ্বব্যাপী স্বীকৃত একটি ব্যাংক। বিশ বছর আগে নোবেল কমিটি এই প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেন। এই বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদ্যাপিত হচ্ছে।’ তিনি দাবি করেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল ও পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হচ্ছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরির ক্ষেত্রে এই মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। ব্যাংকটি নারীদের দারিদ্র্য ও বঞ্চনা থেকে বেরিয়ে এসে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করে। 

দীর্ঘ বিবৃতিতে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের সফলতার ব্যাখ্যা দেন। নভেম্বর থেকে গ্রামীণ ব্যাংকের ওপর ক্রমাগত এবং ধারাবাহিক হামলার বর্ণনা দেন তিনি। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন যে, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। তিনি মন্তব্য করেন যে, এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই হামলার ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের নেত্রী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেয়া হয়েছে। তিনি আরো দাবি করেন যে, গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনার সাথে তার কোনো সংযোগ নেই। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা বাকি ১০ শতাংশের মালিক সরকার। অবশেষে তিনি এই আকুল আহ্বান জানান যে, ‘যারা গ্রামীণ ব্যাংকের কাজের মূল্য বোঝেন তাদের সবার প্রতি আমার আহ্বান, আপনারা অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হোন। আমাদের অবশ্যই দরিদ্র নারীদের ব্যাংক, গ্রামীণ ব্যাংক রক্ষা করতে হবে।’

দেশের সাম্প্রতিক অস্থিরতা ও অরাজকতায় গ্রামীণ ব্যাংক একটি নতুন মাত্রা সংযোজন করেছে। বাংলাদেশ সরকারের বৈধ কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে আওয়ামী লীগ। সারা দেশে পরিকল্পিতভাবে একটি সহিংসতা তৈরি করে তারা আওয়ামী অস্তিত্বের জানান দিতে চায়। একজন কলাম লেখক প্রশ্ন করেছেন, বৈধতা কি শক্তি প্রয়োগ করে অর্জন করা যায়? উত্তরটি সহজ। ইতিহাস প্রমাণ করে, ফ্যাসিবাদী, নাৎসিবাদী তথা স্বৈরাচারী শক্তি জনগণের সম্মতির জন্য অপেক্ষা করে না। ছলে বলে কলে কৌশলে তারা জনগণের সম্মতি আদায় করে নেয়। ১৯৭১ থেকে ২০২৬ সাল পর্যন্ত এমন কোনো নির্বাচন নেই, যাতে জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। কারচুপি সন্ত্রাস অনিয়ম করে ভোটে তারা জয় পায়। সে কারণেই এখন তারা শক্তির মহড়া প্রদর্শন করছে। এই জাতির হয়তো আরো দুর্ভাগ্য সামনে আছে, যেখানে সীমান্তে শক্তি প্রয়োগের মোকাবেলা করতে হতে পারে।
 
স্মরণ করা যেতে পারে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর কাদের সিদ্দিকীরা সীমান্তে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সে ক্ষেত্রে ভারতের পরিপূর্ণ সামরিক ও বেসামরিক সহায়তা ছিল। এবারের ঘটনা ’৭৫-এর চেয়েও ভয়াবহ। স্বয়ং ‘নেত্রী’ সেখানে অবস্থান করছেন, সেখানে পালিয়ে গেছে হাজার হাজার আওয়ামী নেতাকর্মী। ভারতের পরিকল্পনা মোতাবেক তারা সীমান্তে অঘটন ঘটাতে পারে। ইতোমধ্যে সীমান্তবর্তী কয়েকটি জায়গায় তারা মিটিং মিছিল করেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাজনৈতিকভাবে বাংলাদেশ সরকারকে মোকাবেলা করতে না পারলে তারা সামরিক রণকৌশল বেছে নিতে পারে। যেমন : ১৯৭৫ সালের ঘটনাবলির পর জিয়াউর রহমানকে অশান্তিতে রাখার জন্য পার্বত্য চট্টগ্রামে তারা শান্তিবাহিনী তৈরি করেছিল। পুরো ভারত সীমান্ত বাংলাদেশের জন্য সবসময় বৈরী ছিল, আজও আছে। গুজব রটছে যে, শেখ হাসিনা মধ্য ডিসেম্বরে বাংলাদেশ সীমান্তে আসতে পারেন। এর উদ্দেশ্য রাজনৈতিক চমক সৃষ্টি, ভারত যদি এসব কিছু অনুমোদন করে তাহলে দু’দেশের সম্পর্ক আরো তিক্ত হতে পারে। সত্যি সত্যি যদি তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন, তাহলে জনতার বীভৎস ঘৃণার শিকার হতে পারেন। আর আত্মসমর্পণ করলে ফাঁসির জন্য অপেক্ষা করতে হবে। এত কথা বললাম এটা বোঝানোর জন্য যে, আওয়ামী লীগের রাজনীতি স্বাভাবিক নয়। গ্রামীণ ব্যাংকের মতো জনপ্রিয় প্রতিষ্ঠানে হামলা করে তারা স্বভাবসুলভ সহিংসতা ও স্বৈরাচারের পথ প্রদর্শন করছে। গ্রামীণ ব্যাংক কেন আওয়ামী আক্রোশের শিকার হলো তার একটি ইতিহাস আছে। ফ্যাসিবাদের একটি বৈশিষ্ট্য হলো তারা কখনোই নিজেদের ছাড়া অন্য কাউকে দেশপ্রেমিক মনে করে না। বাংলাদেশের একজন মুহাম্মদ ইউনূস যখন নোবেল প্রাইজ পেলেন তখনই তাদের গাত্রদাহ শুরু হলো। আওয়ামী লীগাররা মনে করে, একমাত্র তারাই সিরাজউদ্দৌলা, আর সবাই মীরজাফর। আওয়ামী নেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের এই আশায় আশ্রয় দিয়েছিলেন যে, এতে তার ভাগ্যে নোবেল প্রাইজ জুটতে পারে। তার সাঙ্গোপাঙ্গরা ইনিয়ে বিনিয়ে এসব কথা দেশে ও বিদেশে প্রচার করছিল। কিছুতেই যখন কিছু হলো না, তখন সব ক্রোধ নিপতিত হলো প্রফেসর ইউনূসের ওপর। 

২০১১ সালে আওয়ামী লীগ সরকার প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে অপসারণ করে তার নামে কয়েকটি মামলা রুজু করে। তাকে জেলে পাঠানোই ছিল শেখ হাসিনার লক্ষ্য; কিন্তু বড় ধরনের আন্তর্জাতিক চাপ প্রফেসর ইউনূসকে রক্ষা করে। পৃথিবীর অনেক নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি দেন। খুব লজ্জার কথা এই যে, এদেশীয় কিছু কুলাঙ্গার আওয়ামী বুদ্ধিজীবী লজ্জাশরমের বালাই না রেখে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বিবৃতি দেয়। যে ইউনূসকে নিয়ে আওয়ামী মহলের এত ক্রোধ সেই ইউনূসই যখন বাংলাদেশের ভাগ্যবিধাতা হয়ে দাঁড়ান তখন আওয়ামীশিবিরে ভীতির সৃষ্টি হয়।

প্রফেসর মুহাম্মদ ইউনূস ভারতমুখী পররাষ্ট্রনীতি গ্রহণে বিরত থাকেন। তার ওপর হাজারো চাপ সৃষ্টি করা হয়। তিনি সাহসিকতার সাথে ও সুকৌশলে সেসব মোকাবেলা করেন। একেবারে অনর্থকভাবেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের কোটি কোটি মানুষের ঘৃণা ক্রয় করে। মোদি সরকার ইউনূস সরকারকে নেতিবাচক ভাষায় স্বাগত জানায়। ভারতের সব ঘৃণা আছড়ে পড়ে প্রফেসর ইউনূসের ওপর। তাদের সংবাদমাধ্যম প্রফেসর ইউনূসকে মাওলানা ইউনূস বলে নেতিবাচকভাবে সম্বোধন করে। তাকে ঘিরে নানা ধরনের অসম্মানজনক উক্তি ও ব্যঙ্গচিত্র ভারতের গণমাধ্যমে স্থান পায়। বিজয়টি ছিল ছাত্রদের, ইউনূস সাহেবের নয়। তিনি কেন নেতৃত্বে এলেন সেটি ভারতের মাথাব্যথার কারণ। এখন, যখন আওয়ামী লীগের লোকরা ইউনূসের কিছু করতে পারেনি তখন গ্রামীণ ব্যাংককে তাদের হিংসা প্রতিহিংসার স্থানে পরিণত করেছে। এতে তারা জনগণের ঘৃণাই কুড়াচ্ছে। ক্ষুদ্রঋণ নিয়ে বিতর্ক থাকলেও গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গরিব মানুষের জীবনে খানিকটা স্বস্তি দিয়েছে এতে সন্দেহ নেই।

প্রফেসর ইউনূস মানুষের অনেক বড় আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছিলেন। তিনি ষোলো আনা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছেন এমন নয়। ওই সময়ে প্রতিদিন ঢাকা পরিণত হয়েছিল দাবিদাওয়া আদায়ের শহরে। তখন আমি অনেকবার লিখেছি প্রফেসর ইউনূসের হাতে আলাদিনের চেরাগ নেই। মানুষ চেয়েছিল তাকে ‘মহান একনায়ক’ (ইবহবাড়ষবহঃ উরপঃধঃড়ৎ) হিসেবে দেখতে। তিনি সাধারণ মানুষের অসাধারণ আশা পূরণ করতে পারেননি। সেটি আরেক মূল্যায়নের বিষয়। তিনি এখন আর ক্ষমতায় নেই; কিন্তু আওয়ামী ক্রোধ আছে ষোলোআনা। 

এই কথা মনে রাখতে হবে যে, প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির একটি ক্রান্তিকালীন সময়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি একটি সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেছেন। সংস্কারে ব্যর্থ হলেও গণতন্ত্রের যথার্থ উত্তরণে তার ভূমিকা অস্বীকার করা যাবে না। তাই প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি আওয়ামী আক্রোশ ও ঘৃণাকে অবশ্যই প্রতিহত করতে হবে। এটা দুর্ভাগ্যজনক যে, যে ব্যাংকের সাথে তার এখন আর কোনো প্রাতিষ্ঠানিক যোগাযোগ নেই, সেখানেই আওয়ামীরা আক্রমণের লক্ষ্যবস্তু করেছে। ব্যাংক তো কারো শত্রু মিত্র নয়। আওয়ামী স্বেচ্ছাচার এলিটদের ব্যাংক এখনো জনগণের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠেনি। কোনো ক্ষেত্রেই কোনোভাবেই হামলা প্রতিহামলা কাম্য নয়। মনে রাখতে হবে যে, এই হামলাটি শুধু গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে নয়; বরং বাংলাদেশের আপামর সাধারণ মানুষের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষেরও আওয়ামী সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঘৃণা জাগরূক রাখতে হবে।হ

লেখক : অধ্যাপক (অব:), সরকার ও  রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

Mal55ju@yahoo.com