
পাশার দান যেন উল্টে যাচ্ছে। আগে পাকিস্তান নিষেধাজ্ঞা দিয়ে বলিউডের জনপ্রিয় সিনেমা ঠেকাতে চাইত। ইসলামাবাদের সেই পথ যে দিল্লিও এত তাড়াতাড়ি ধরবে, তা কে ভেবেছিল! এবার ভারত বিধিনিষেধের শিকল তুলে পাকিস্তানি নাটক, গান ও চলচ্চিত্রকে হিন্দুস্তানের পর্দার বাইরে রাখতে চাইছে। কিন্তু এ কাজে নয়াদিল্লি সরকার সফলভাবেই ব্যর্থ হচ্ছে। নিষেধাজ্ঞা যত কঠোর হচ্ছে, পাকিস্তানি বিনোদনের প্রতি ভারতীয় দর্শকের আগ্রহও তত স্পষ্ট হয়ে উঠছে।
এর সর্বশেষ উদাহরণ পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দারে নিজাত’। নাটকটি ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তারপরও এর ভক্তের অভাব নেই। শুধু অনলাইনে নয়, ভারতের বিভিন্ন শহরে দর্শকেরা দল বেঁধে নাটকটি দেখছেন। দিল্লিতে একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করতে গিয়ে সাংস্কৃতিক আয়োজক আবু সুফিয়ান খান নিজেই অবাক হয়ে যান। সর্বোচ্চ ৪৫ জনের উপস্থিতি আশা করেছিলেন তিনি। কিন্তু সেখানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ৭০০ জনেরও বেশি।
আল জাজিরা শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানি নাটক ও গানের মতো ‘দারে নিজাত’-ও ভারতে নিষিদ্ধ। কিন্তু প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে জড়ো হচ্ছেন নাটকটির ভক্তরা। তারা বিভিন্ন দৃশ্যের ভিডিও বিনিময় করছেন, পর্ব নিয়ে আলোচনা করছেন এবং নাটকের অন্যতম চরিত্র আবু বকরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
নাটকটির কাহিনিতে রয়েছে জারিয়াব নামে এক তরুণী, তার ছেলেবেলার ভালোবাসার মানুষ জামিল এবং আবু বকর। জীবনের এক শূন্যতা পূরণ করতে একসময় জারিয়াবের জীবনে আসে আবু বকর। এই চরিত্রটিকে ঘিরেই ভারতীয় দর্শকের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আকর্ষণ।
শুধু অনলাইনেই নয়, ভারতের বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে নাটকটির দলীয় প্রদর্শনী। দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে চলতি সপ্তাহান্তে অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানগুলোর পোস্টার কর্তৃপক্ষের নজরে আসার পর সেগুলো বাতিল করা হয়। প্রদর্শনী বন্ধের এই উদ্যোগ অবশ্য নাটকটির প্রতি দর্শকের আগ্রহ কমাতে পারেনি।
নাটকটির ভক্তদের পেজ ও মন্তব্যের ঘরে একটি বাক্য এখন প্রায়ই দেখা যায়—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। অর্থাৎ, ‘আমরা ধৈর্যের পুরস্কার চাই না, আবু বকরকেই চাই।’ উর্দুর পরিচিত একটি প্রবাদকে ঘুরিয়ে বলা এই বাক্যটি কাল্পনিক পাকিস্তানি চরিত্রটির প্রতি ভারতীয় দর্শকের ভালোবাসারই প্রকাশ।
বেঙ্গালুরুর এক ভক্ত রক্ষন্দা মুজিব বলেন, ‘আমরা সবাই একজন আবু বকরের অপেক্ষায় ছিলাম। তার প্রতি আমার এত আগ্রহের কারণ, সে অন্যের অনুভূতি বোঝে। আজকাল অধিকাংশ পুরুষের মধ্যেই এই গুণটির অভাব।’
নিষেধাজ্ঞার পুরোনো ইতিহাস
ভারত ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক লড়াই অবশ্য নতুন নয়। দুই দেশের মধ্যে যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনার সময়ে বারবার চলচ্চিত্র, গান ও শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা এসেছে। তবে একসময় এই নিষেধাজ্ঞার বড় লক্ষ্য ছিল ভারতীয় চলচ্চিত্র, বিশেষ করে বলিউড।
১৯৬৫ সালের যুদ্ধের পর পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্রের প্রকাশ্য প্রদর্শনী নিষিদ্ধ করা হয়। দীর্ঘদিন সেই নিষেধাজ্ঞা বহাল ছিল। ২০০৬ সালে দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। পরে ২০১৬ সালে কাশ্মীরকে কেন্দ্র করে উত্তেজনা বাড়লে আবার ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেয় পাকিস্তান। ২০১৭ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও ২০১৯ সালে আবার ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা আসে।
নিষেধাজ্ঞার বালি বাঁধ দিয়ে পাকিস্তানে বলিউডের জনপ্রিয়তা ঠেকানো যায়নি। সিনেমা হলে ভারতীয় ছবি দেখা বন্ধ হলেও পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে সেসব ছবি দর্শকের ঘরে ঘরে পৌঁছে গেছে। শাহরুখ খান, সালমান খান কিংবা আমির খানের জনপ্রিয়তা সীমান্তের কাঁটাতারে আটকে থাকেনি।
এবার যেন সেই অভিজ্ঞতারই উল্টো চিত্র দেখা যাচ্ছে। গত এক দশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা বা অনুষ্ঠান করার ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা ক্রমেই কঠোর হয়েছে। পাকিস্তানের সঙ্গে সব ধরনের যোগাযোগও ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করেছে নয়াদিল্লি। কিন্তু সাংস্কৃতিক আদান-প্রবাহের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে তাকে থামানোর চেষ্টা অনেকটা রাজা ক্যানিউটের সমুদ্রের ঢেউকে আদেশ দিয়ে থামানোর চেষ্টার মতো। ঢেউ যেমন রাজার আদেশ মানেনি, তেমনি রাজনৈতিক নিষেধাজ্ঞাও পাকিস্তানি সংস্কৃতির প্রতি ভারতীয় দর্শকের আগ্রহের ঢেউকে দমিয়ে রাখতে পারছে না।
এই বাধার অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। ২০২২ সালে পাকিস্তানি সংগীতশিল্পী আলী শেঠির গাওয়া ‘পাসুরি’ গানটির পেছনেও ছিল এমনই একটি ঘটনা। মুম্বাইয়ে একটি সৃজনশীল কাজে অংশ নেয়ার কথা ছিল তার। কিন্তু তিনি পাকিস্তানি শিল্পী হওয়ায় ভারতীয় পক্ষটি শেষ পর্যন্ত সেই উদ্যোগ থেকে সরে আসে। আলী শেঠির ভাষ্য অনুযায়ী, তাদের আশঙ্কা ছিল, একজন পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করার খবর প্রকাশ্যে এলে উগ্রপন্থীরা স্টুডিওতে হামলা চালাতে পারে।
একসময় পাকিস্তান নিষেধাজ্ঞা দিয়ে বলিউডের জনপ্রিয় সিনেমা ঠেকাতে চেয়েছে। এবার সেই পথেই হাঁটছে ভারত। কিন্তু পাকিস্তানি নাটক ও গান থেকে ভারতীয় দর্শককে দূরে রাখতে গিয়ে নয়াদিল্লি সরকার সফলভাবেই ব্যর্থ হচ্ছে
এই অভিজ্ঞতা তাকে নিষিদ্ধ প্রেমের চিরন্তন বিষয়টি নিয়ে ভাবতে অনুপ্রাণিত করে। পরে সেই ভাবনা থেকেই শায়ে গিলের সঙ্গে তৈরি করেন ‘পাসুরি’। গানটি ২০২২ সালে প্রকাশের পর ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিপুল জনপ্রিয়তা পায়। একদিকে পাকিস্তানি শিল্পীর ভারতে কাজ করার পথ বন্ধ, অন্যদিকে সেই শিল্পীর গানই ভারতীয় শ্রোতার কাছে বিপুল জনপ্রিয়—এই বৈপরীত্য দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের এক অদ্ভুত বাস্তবতা তুলে ধরে।
এরপর ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের ভারত-শাসিত পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। এরপর দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিনের তীব্র লড়াই হয়। পরে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এরপর থেকে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, চলচ্চিত্র ও নাটক নিষিদ্ধ করেছে ভারত। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। ২০২৫ সালের ৮ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। চলতি সপ্তাহেও পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেট লো’ ভারতে দেখানো বন্ধ রাখতে নেটফ্লিক্সকে নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। ফাওয়াদ খান, মাহিরা খান ও হানিয়া আমির অভিনীত সিরিজটি ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা।
প্রযুক্তির কাছে হার মানছে নিষেধাজ্ঞা
২০১৬ সালে চীনও কোরীয় জনপ্রিয় সংস্কৃতির ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। প্রায় এক দশক ধরে সেই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। কিন্তু ভারতে পাকিস্তানি বিনোদন বন্ধের উদ্যোগ তেমন সফল হচ্ছে না।
এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। চীন তার নাগরিকদের ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। কিন্তু ইউটিউবের মালিকানা ভারতের হাতে নেই। দেশটির তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় সরকার বিভিন্ন প্ল্যাটফর্মকে কোনো কনটেন্ট বন্ধ করার নির্দেশ দিতে পারে। এ ধরনের নির্দেশ সাধারণত গোপন রাখা হয়। এরই ধারাবাহিকতায় ইউটিউব ভারতে পাকিস্তানি চ্যানেলগুলো দেখা বন্ধ করে দিয়েছে।
কিন্তু এই নিষেধাজ্ঞা কার্যকর হয় প্ল্যাটফর্মের ওপর, দর্শকের ওপর নয়। ভিপিএন ব্যবহার করে একজন দর্শক নিজের অবস্থান অন্য দেশে দেখাতে পারেন। এভাবে কোনো নাটক ডাউনলোড করার পর সেটি ভারতের ভেতরে থাকা কোনো অ্যাকাউন্ট থেকে আবার আপলোড করাও সম্ভব।
পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে—যেদিন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছিল—সেদিন ভারতে ভিপিএন খোঁজার হার বেড়েছিল ৭২ শতাংশ। দুই সরকার পরস্পরের অনলাইন কনটেন্ট বন্ধ করার উদ্যোগ নেয়ার কারণেই এই বৃদ্ধি ঘটেছে বলে মনে করে প্রতিষ্ঠানটি।
অর্থাৎ, নিষেধাজ্ঞা দিয়ে পাকিস্তানি নাটকের আনুষ্ঠানিক প্রবেশ বন্ধ করা গেলেও দর্শকের কাছে সেগুলোর পৌঁছানো বন্ধ করা যাচ্ছে না। বরং ভিপিএন ও প্রক্সির ব্যবহার বাড়িয়ে দর্শকেরা বিকল্প পথ খুঁজে নিচ্ছেন।
পাকিস্তানের বিনোদনশিল্পের নতুন বাজার
ভারতীয় দর্শকের এই আগ্রহ পাকিস্তানের বিনোদনশিল্পের জন্য ব্যবসার নতুন সুযোগও তৈরি করেছে। ভিপিএন ব্যবহার করে নাটক দেখা বা ডাউনলোড করার ফলে পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের দর্শকসংখ্যা বাড়ছে। এর মধ্যে রয়েছে ‘দারে নিজাত’-এর সম্প্রচারক প্রতিষ্ঠান এআরওয়াই ডিজিটাল।
এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জেরজিস সেজা বলেন, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়। তার ভাষায়, ‘এ যুগে কোনো কনটেন্টে মানুষের প্রবেশ কঠিন করে তুলতে পারেন, কিন্তু তা পুরোপুরি বন্ধ করতে পারবেন না।’
সেজার বক্তব্যের পক্ষে সাম্প্রতিক কয়েকটি নাটকের জনপ্রিয়তাও প্রমাণ হিসেবে সামনে আনা যায়। ২০২২ সালের নাটক ‘তেরে বিন’ এবং ২০২৪ সালের ধারাবাহিক ‘কাভি ম্যায় কাভি তুম’ ভারতেও ব্যাপক জনপ্রিয় হয়েছিল। পাকিস্তানি পরিচালক মেহরিন জব্বার জানান, তার নির্মিত ‘ডা. বাহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’ ধারাবাহিক নিয়েও ভারতের দর্শকেরা তাকে বার্তা পাঠান।
প্রশ্ন হলো, পাকিস্তানি নাটকের প্রতি ভারতীয় দর্শকের এই আগ্রহের কারণ কী?
দুই দেশের মানুষের ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনে অনেক মিল রয়েছে। ফলে পাকিস্তানি নাটকে দেখানো নানা ঘটনা ও চরিত্র ভারতীয় দর্শকের কাছেও সহজে পরিচিত মনে হয়। জেরজিস সেজার মতে, পাকিস্তানের বিনোদনশিল্পের নির্মাণমানও গত কয়েক বছরে অনেক উন্নত হয়েছে।
তিনি বলেন, ‘বছরের পর বছর আমাদের কনটেন্ট অনেক শক্তিশালী হয়েছে। এগুলো বাস্তবধর্মী, মাটির কাছাকাছি, চিন্তার খোরাক জোগায় এবং দর্শকের কাছে সহজেই গ্রহণযোগ্য।’
তবে এর বাইরেও একটি কারণ রয়েছে বলে মনে করেন আবু সুফিয়ান খান। তার মতে, ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে মুসলিম চরিত্রগুলোকে প্রায়ই ছাঁচে ফেলে উপস্থাপন করা হয়। ‘দারে নিজাত’-এর আকর্ষণের একটি দিক হলো, এতে ইসলামকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যা ভয় বা অস্বস্তি তৈরি করে না।
সুফিয়ান খানের ভাষায়, নাটকটিতে ইসলামের যে চিত্র দেখা যায়, তা বলিউডের মতো সাজানো নয়। সেখানে কাজল-কালো চোখ কিংবা নামাজের টুপি পরিয়ে মুসলিম চরিত্রকে আলাদা করে চেনানোর চেষ্টা নেই। বরং ইসলামকে তুলে ধরা হয়েছে স্বাভাবিক, উদার ও অন্তর্ভুক্তিমূলকভাবে। ধর্মীয় আচারগুলোও পালন করা হয় বিনয় ও নম্রতার সাথে, কাউকে বিচার করার ভঙ্গি ছাড়াই।
সংস্কৃতির সীমানা মানে না
যুদ্ধ ও রাজনৈতিক বিরোধের সময়ে সংস্কৃতি অনেক সরকারের কাছেই অস্বস্তির কারণ হয়ে ওঠে। কারণ, সংস্কৃতি প্রতিপক্ষ দেশের মানুষকে অপরিচিত শত্রু হিসেবে নয়, পরিচিত মানুষ হিসেবে দেখতে শেখায়। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে একটি দেশের পুরো জনগোষ্ঠীকে অন্য দেশের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে রাখা এখন আগের চেয়ে অনেক কঠিন।
দিল্লির নীতিবিষয়ক বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা বলেন, গত কয়েক বছরে ভারতের বিপুলসংখ্যক মানুষ পাকিস্তানি টেলিভিশন নাটক, গান ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের কনটেন্ট দেখছেন। এর ফলে সংস্কৃতি ও সাংস্কৃতিক উপকরণে মানুষের প্রবেশাধিকার আরো বিস্তৃত হয়েছে। ভেঙে যাচ্ছে বহুদিনের গড়ে ওঠা ধারণা ও ছকবদ্ধ চিন্তা।
তার ভাষায়, ‘আগে সীমান্তের ওপারে থাকা ভাইবোনদের সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানতাম না। তারাও আমাদের সম্পর্কে তেমন জানত না।’
পাকিস্তানি অভিনেত্রী ও সংগীতশিল্পী হানিয়া আমিরের জনপ্রিয়তা এর একটি উদাহরণ। ভারতে তার গানেরও বিপুল শ্রোতা রয়েছে। সম্প্রতি প্রকাশিত তার ‘পাবলো’ গানে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ঐশ্বরিয়া ভার্মা বলেন, ‘আমরা সবাই তার গান শুনছি। কে ভেবেছিল এমনটা হবে!’
পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, এ ধরনের নিষেধাজ্ঞা খুব কম ক্ষেত্রেই কার্যকর হয়। প্রযুক্তির পরিবর্তনের ফলে সীমান্ত ও নিষেধাজ্ঞার গুরুত্বও কমে আসছে।
তিনি বলেন, সরকার সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা দেয়, কারণ সংস্কৃতি দৃশ্যমান এবং সহজে নিয়ন্ত্রণ করা যায় বলে মনে হয়। পাকিস্তানও একই কাজ করেছে। কয়েক দশক ধরে সেখানে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ ছিল। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে পাকিস্তানে বলিউডের জনপ্রিয়তা অটুট ছিল।
বিসারিয়ার ভাষায়, ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে সংস্কৃতি সব সময়ই দুই দেশের মানুষকে কাছাকাছি আনার বড় শক্তি হিসেবে কাজ করেছে। দুই দেশের সরকার তা চেয়েছে কি না, সেটি বড় কথা নয়।
‘দারে নিজাত’ সেই ধারাবাহিকতারই নতুন উদাহরণ। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যখন বৈরিতায় আচ্ছন্ন, তখনো ভারতীয় দর্শক পাকিস্তানি নাটকের চরিত্র নিয়ে আলোচনা করছেন, প্রিয় অভিনেতাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, এমনকি নিষেধাজ্ঞা এড়িয়ে দল বেঁধে নাটক দেখছেন।
একসময় বলিউডের সাংস্কৃতিক প্রভাব নিয়ে দক্ষিণ এশিয়ায় একধরনের একমুখী ধারণা ছিল। বলিউড এগিয়ে যাবে, তার গান-সিনেমা-তারকারা প্রতিবেশী দেশগুলোর দর্শককে মাতাবে, আর বাকিরা অনেকটা পেছনে পেছনে চলবে। কিন্তু ‘পাসুরি’ থেকে ‘দারে নিজাত’—এই দুইয়ের জনপ্রিয়তা সেই ধারণায় ফাটল ধরাচ্ছে।
এর অর্থ অবশ্য বলিউডের প্রভাব শেষ হয়ে যাচ্ছে, তা নয়। বরং দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক আদান-প্রদান যে একমুখী নয়, তা আরো স্পষ্ট হচ্ছে। পাকিস্তানের গান ও নাটকও ভারতের দর্শকের মনোযোগ কাড়ছে, জনপ্রিয়তা পাচ্ছে। একসময় যে দেশ বলিউডের সিনেমা ঠেকাতে নিষেধাজ্ঞার আশ্রয় নিয়েছিল, সেই পাকিস্তানের বিনোদনই এখন ভারতের নিষেধাজ্ঞার দেয়াল টপকে দর্শকের ঘরে পৌঁছে যাচ্ছে।
রাজনৈতিক নেতারা সীমান্তে দেয়াল তুলতে পারেন, পর্দায় নিষেধাজ্ঞা দিতে পারেন। কিন্তু মানুষের পছন্দ, কৌতূহল আর সাংস্কৃতিক টানকে নির্দেশ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। ইসলামাবাদ যেমন একসময় তা পারেনি, দিল্লিও এখন পারছে না। ‘দারে নিজাত’-এর ৪৫ আসনের আয়োজনের জন্য ৭০০ জনের আবেদনই যেন সেই বাস্তবতার ছোট্ট, কিন্তু জোরালো প্রমাণ।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









