দুর্নীতি দমন কমিশন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফাইল ছবি

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: শাহজাহান কবির এ আদেশ দেন।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিষয়ে আবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করার জন্য তার আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা আবশ্যক।

সূচনা ফাউন্ডেশনের বিষয়ে আবেদনে বলা হয়েছে, ফাউন্ডেশনটি ২০১৫-২০১৬ করবর্ষ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত মোট ৯৯ লাখ ৪ হাজার টাকা কর জমা না দিয়ে প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে ভুয়া কর জমা সংক্রান্ত রেকর্ডপত্র সৃজন এবং অডিট প্রতিবেদনে আয়কর খরচ হিসেবে ওই টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রদর্শন করে সরকারি ৯৯ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেছে। এছাড়া সূচনা ফাউন্ডেশনের নামে ১৪টি ব্যাংক হিসাবে ৫৩১ কোটি ৭৭ লাখ টাকা জমা ও ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনসহ মোট লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সূচনা ফাউন্ডেশনের শুরু থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র ও তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন। সূত্র : বাসস