‘নগর স্বাস্থ্য: পরিসর বৃদ্ধিতে বহুখাতভিত্তিক সম্পৃক্ততা জোরদারকরণ’ শীর্ষক আলোচনা
‘নগর স্বাস্থ্য: পরিসর বৃদ্ধিতে বহুখাতভিত্তিক সম্পৃক্ততা জোরদারকরণ’ শীর্ষক আলোচনাসভা। নয়া দিগন্ত

শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে দেশের নগর স্বাস্থ্য-সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য সরকারের সুস্পষ্ট নেতৃত্বের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও অন্যান্য নগর কর্তৃপক্ষের দায়িত্ব নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে হবে। নগর স্বাস্থ্যসেবার পরিসর বাড়াতে এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Advertisement

বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় সিনিয়র নীতি নির্ধারকরা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিত। ইউনিসেফ বাংলাদেশ ও ঢাকায় সুইডেন দূতাবাসের সহায়তায় বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক (বিএউএইচএন) ‘নগর স্বাস্থ্য: পরিসর বৃদ্ধিতে বহুখাতভিত্তিক সম্পৃক্ততা জোরদারকরণ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে। সভাপতিত্ব করেন বিএউএইচএনের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডা: মানাল মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডেন্টাল অনুষদের ডিন বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব অধ্যাপক ডা: সাখাওয়াত হোসেন সায়ন্থ।

মূল প্রবন্ধে ডা: মানাল বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, অর্থাৎ পাঁচ কোটি ৩৮ লাখ মানুষ শহরে বসবাস করে। তবে শহরের মধ্যেই স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা প্রাপ্তিতে ব্যাপক বৈষম্য রয়েছে। বস্তির মাত্র ২৮ শতাংশ পরিবার উন্নত ও পৃথক শৌচাগার ব্যবহারের সুযোগ পায়। অথচ বস্তির বাইরের এলাকায় এ হার ৫৪ শতাংশ। অন্যদিকে সিটি করপোরেশন এলাকার বস্তিতে নবজাতক মৃত্যুহার প্রতি হাজার জীবিত জন্মে ২৭।

প্রবন্ধে নগর প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০২৬ সালের এপ্রিলে মন্ত্রিপরিষদ বিভাগ ১৯২টি নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্যসেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। একই মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ঢাকা ও চট্টগ্রামে ১৭০টি সমন্বিত নগর স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের একটি নতুন প্রকল্প অনুমোদন করে।

প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিত বলেন, নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা এখন জাতীয় স্বাস্থ্যব্যবস্থার অংশ। সরকার এ খাতের নেতৃত্ব দেবে। হস্তান্তরিত ১৯২টি কেন্দ্র এবং নতুন স্বাস্থ্যকেন্দ্রগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা এখন সরকারের অন্যতম কাজ। 

তিনি বলেন, এসব কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং বস্তিবাসীর প্রকৃত সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। এ জন্য সিটি করপোরেশন, উন্নয়ন সহযোগী ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করা হবে।

ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ডা: দেওয়ান মো: এমদাদুল হক বলেন, শহরের বস্তিতে বেড়ে ওঠা শিশুরা দেশের সবচেয়ে খারাপ স্বাস্থ্য পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। অথচ শহরের সামগ্রিক স্বাস্থ্য পরিসংখ্যানের আড়ালে তাদের দুরবস্থা অনেক সময় উপেক্ষিত থেকে যায়। নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আসায় মা, নবজাতক ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা অগ্রাধিকার ভিত্তিতে দেয়ার সুযোগ তৈরি হয়েছে। এ উদ্যোগে ইউনিসেফ সরকারকে সহযোগিতা করতে চায়।

বিএউএইচএনের সদস্যসচিব ও এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: মো: শামীম হায়দার তালুকদার বলেন, নগর স্বাস্থ্যসেবার এই রূপান্তর সফল করতে কে নেতৃত্ব দেবে, কে সেবা দেবে এবং কে জবাবদিহি করবে তা স্পষ্ট করতে হবে। ব্যবস্থাপনার পরিবর্তনের এ সময়ে শহরের দরিদ্র মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা চারটি ক্ষেত্রে যৌথ উদ্যোগের বিষয়ে একমত হন। এগুলো হলো—মন্ত্রণালয়গুলোর মধ্যে সুশাসন ও সমন্বয় জোরদার, সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত, জলবায়ু-সহনশীল নগর স্বাস্থ্যসেবা গড়ে তোলা এবং টেকসই অর্থায়ন, অংশীদারত্ব ও ডিজিটাল উদ্ভাবন সম্প্রসারণ।

আলোচনায় স্বাস্থ্য অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, জাতিসঙ্ঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), বিভিন্ন এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।