
আদালতে বিচারাধীন বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিদ্যমান ব্যবস্থা অপরিবর্তিত থাকছে।
বাংলাদেশ সচিবালয়ে বুধবার (১১ নভেম্বর) উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভায় সভাপতিত্ব করেন। সভায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, অর্থ সচিব মো: খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বস্ত্র ও পাট সচিব আয়েশা আক্তার, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, বিজিএমইএ-এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম রহমান, বিজিএমইএ পরিচালক নাফিস উদ দৌলা, বিকেএমইএ ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান, বিটিএমএ-এর সভাপতি শামীম ইসলাম, সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, পরিচালক মো: বাদশা মিয়া, সাবেক সহ-সভাপতি হোসেন মেহমুদ এবং সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার অংশ নেন।
সভায় বিটিএমএ’র প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। আলোচনায় তারা ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার বিষয়ে স্পষ্ট অবস্থান জানান। তাদের মতে, এ ব্যবস্থা স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের উৎপাদন সক্ষমতা, বিনিয়োগ এবং কর্মসংস্থান সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় জানানো হয়, ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানি-সংক্রান্ত বিদ্যমান বিধান বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে। এ কারণে আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান ব্যবস্থা অপরিবর্তিত রাখার অবস্থান জানানো হয়েছে। অর্থাৎ, বিচারাধীন বিষয়টির নিষ্পত্তির আগে এ ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন আনার সুযোগ নেই।
এদিকে, সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে বিটিএমএ। এ ব্যবস্থা কার্যকর করতে ব্যাংক গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সহজ করা এবং আমদানির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করার ওপরও গুরুত্ব দেন সংগঠনের প্রতিনিধিরা।
সভায় ব্যবসা পরিচালনা সহজ করতে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) বরাদ্দে সমতা প্রতিষ্ঠা ও তহবিলের আকার বৃদ্ধি এবং পার্টি অ্যাকসেপ্ট্যান্স প্রদানের প্রক্রিয়া সহজ করাসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত কামনা করে বিটিএমএ।
সভায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিচারাধীন বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিদ্যমান বিধান পরিবর্তনের বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। তবে অন্যান্য প্রস্তাব সার্বিক দিক পর্যালোচনা করে বিবেচনা করা হবে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








