
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের একটি গোপন সমাবেশ নিয়ে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনার পর থেকে সোহেল স্কয়ার রিসোর্টের মালিকসহ সবাই পলাতক রয়েছেন। সেখানে দুজন গ্রাম পুলিশকে সদস্য রিসোর্টটি দেখভাল করতে দেখা যায়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন ঘটনা অনুসন্ধানে মাঠে নেমেছেন গোয়েন্দারা।
শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া, প্রায় ১৭৫ জনের উপস্থিতি, রাজনৈতিক ব্যানার এবং পরে প্রকাশ্যে বক্তব্যের ভিডিও প্রচার—সব মিলিয়ে ঘটনাটি কেবল একটি সাধারণ সভার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রশ্ন উঠেছে, এত বড় আয়োজনের খবর স্থানীয় প্রশাসন আগে জানতে পারল না কেন এবং এর দায় কার?
জানা যায়, গত ৮ নভেম্বর সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’-এ এই সভা অনুষ্ঠিত হয়। সভার একটি ভিডিও রনজিত সরকার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর বিষয়টি জানাজানি হয়। প্রথম দিকে সিলেট ও সুনামগঞ্জ পুলিশের বক্তব্যে সভার স্থান নিয়ে ভিন্নতা থাকলেও, পরে সুনামগঞ্জ পুলিশ সুপার রাতারগুলের রিসোর্টটির নাম উল্লেখ করে স্থান নিশ্চিত করেন।
সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ নিয়ে প্রশ্ন
সবচেয়ে আলোচিত বিষয় হলো সাবেক এই সংসদ সদস্য কীভাবে দেশের বাইরে থেকে আত্মগোপন ভেঙে দেশে প্রবেশ করলেন। বিভিন্ন প্রতিবেদনে তাঁর ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসার কথা বলা হলেও নির্দিষ্ট পথ, সময়, সহযোগী এবং যাতায়াতের তথ্য এখনো স্পষ্ট নয়। সীমান্ত পারাপারে কোনো ঘাটতি ছিল কিনা, তা নিয়ে জোরালো তদন্তের দাবি ওঠেছে।
স্থানীয় রাজনীতি ও মালিকানা নিয়ে বিতর্ক
অনুসন্ধানে জানা যায়, রিসোর্টটি গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদের বাড়ির কয়েক শ গজের মধ্যে অবস্থিত। রিসোর্টের স্বত্বাধিকারী সোহেল আহমদ তার চাচাতো ভাই। মাহবুব আহমদ সম্পর্ক স্বীকার করলেও ব্যবসার সাথে সম্পৃক্ততা অস্বীকার করেছেন। এ ছাড়া কাছাকাছি উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজাহান সিদ্দিকের বাড়িও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রোকনের নেতৃত্বে রিসোর্টটি বুকিং করা হয়েছিল। এছাড়া সভার প্যান্ডেল ও সাজসজ্জার কাজ করা তারেক ডেকোরেটার্সের মালিক নিজাম উদ্দিন ফতেহপুর ইউনিয়ন বিএনপির আট নম্বর ওয়ার্ডের সভাপতি। ডেকোরেটার্স মালিকের দাবি, রিসোর্টের মালিক সোহেল শিক্ষা সফরের কথা বলে কাজ করিয়েছিলেন, সেখানে রাজনৈতিক সভা হবে তা তাঁকে জানানো হয়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে তারা এসে সভাটি করেছে বলে তথ্য পাওয়া গেছে। সঠিক তথ্য উদঘাটন ও আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে এ ঘটনায় রিসোর্টের দুই কর্মচারীসহ চারজনকে আটক করা হয়েছে। পাশাপাশি সভায় উপস্থিত বাকি ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রিসোর্টের মালিক সোহেলসহ সংশ্লিষ্টরা আত্মগোপনে রয়েছেন।
কোনো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গুরুত্বপূর্ণ। স্থানীয় অপরাধ, সন্দেহজনক কর্মকাণ্ড, বড় জমায়েত এবং নিরাপত্তাসংক্রান্ত তথ্য সংগ্রহে থানার ভূমিকা রয়েছে। ফলে রাতারগুলের ঘটনার ক্ষেত্রে গোয়াইনঘাট থানার ভূমিকা অবশ্যই তদন্ত করা দরকার বলে মনে করেন অনেকেই।
তবে রাজনীতি সংশ্লিষ্টদের দাবি, স্থানীয় পুলিশ, জেলা পুলিশ, গোয়েন্দা সংস্থা, সীমান্তরক্ষী বাহিনী এবং প্রশাসনের মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের বিষয় রয়েছে।
কোনো কর্মকর্তা আগে থেকে তথ্য পেয়েছিলেন কি না, তথ্য পেয়ে কী ব্যবস্থা নিয়েছিলেন, অন্য কোনো সংস্থাকে জানিয়েছিলেন কি না, এসব বিষয় যাচাই করা উচিত।
এ ঘটনায় শুধু পুলিশকে ঘিরে প্রশ্ন তুললে তদন্তের একটি বড় অংশ বাদ পড়ে যেতে পারে। কে রিসোর্ট বুক করেছিলেন, বুকিংয়ের সময় কী পরিচয় দেওয়া হয়েছিল, কারা টাকা পরিশোধ করেছেন, কারা লোকজনকে সংগঠিত করেছেন এবং রনজিত সরকারের উপস্থিতি কীভাবে নিশ্চিত করা হয়েছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল।
রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টের অবস্থান ও মালিকানা ঘিরেও তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
স্থানীয় সূত্র এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, রিসোর্টটি গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদের বাড়ির কয়েকশ গজের মধ্যে অবস্থিত।
রিসোর্টটির স্বত্বাধিকারী সোহেল আহমদ তার চাচাতো ভাই। মাহবুব আহমদ নিজেও সংবাদমাধ্যমের কাছে এ সম্পর্কের কথা স্বীকার করেছেন। তবে রিসোর্টের ব্যবসার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি।
একই এলাকার কাছাকাছি উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজাহান সিদ্দিকের বাড়িও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রোকনের নেতৃত্বে রিসোর্টটি বুকিং নেওয়া হয়েছিল এবং তারাই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন। অ্যাডভোকেট রোকনের মাধ্যমে রিসোর্ট বুকিংয়ের তথ্য স্থানীয়রা নিশ্চিত করেছেন।
এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। উপজেলা বিএনপির সভাপতি ও যুবদলের আহ্বায়কের বাড়ির এত কাছাকাছি এলাকায় রনজিত সরকার এসে বক্তব্য দিয়ে চলে গেলেন, অথচ স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব বা সংশ্লিষ্ট কেউ বিষয়টি আগে জানতে পারেননি, নাকি জানলেও কোনো পদক্ষেপ নেননি।
রাতারগুলের সভা আয়োজনের প্রস্তুতিতেও উঠে এসেছে স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি। সভার প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জার কাজ করেছে গোয়াইনঘাটের চৌমুহনী বাজারের তারেক ডেকোরেটার্স। প্রতিষ্ঠানটির মালিক নিজাম উদ্দিন ফতেহপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি।
তিনি জানান, রিসোর্টের মালিক সোহেল শিক্ষা সফরের কথা বলে তার প্রতিষ্ঠান থেকে ডেকোরেটার্স ভাড়া করেন। তবে সেখানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার আসবেন কিংবা রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে, সে বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলে দাবি করেন তিনি।
নিজাম উদ্দিনের বক্তব্য অনুযায়ী, শিক্ষা সফরের আয়োজন মনে করেই তাঁরা প্যান্ডেল নির্মাণসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রিসোর্টের মালিক সোহেল আত্মগোপনে চলে গেছেন। এলাকার মানুষের মধ্যে এনিয়ে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। কেউই সাংবাদিকদের সাথে কথা বলতে আগ্রহী নয়, বরং এড়িয়ে চলার চেষ্টা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে তারা এসে সভাটি করেছে বলে আমরা তথ্য পেয়েছি। এ বিষয়ে সঠিক তথ্য উদঘাটন এবং আইনগত পদক্ষেপ নিতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় রিসোর্টের দুই কর্মচারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। সভায় উপস্থিত থাকা বাকি ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








