ছাত্রশিবির
নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ । নয়া দিগন্ত

বিএনপি সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় রেখে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে সরকার দেশকে অনিরাপদ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

Advertisement

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করে। রাজধানীর সালাহউদ্দিন পাম্প থেকে ধোলাইখাল গোলচত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজিজুর রহমান আজাদ বলেন, হাজারো মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও বিএনপি সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আওয়ামী লীগের সাথে নির্বাচনী সমঝোতার কারণেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ঘোষণা দিয়ে বোমা বিস্ফোরণ, ককটেল নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ ও অবরোধের মতো ঘটনা ঘটাচ্ছে। অথচ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এসব ঘটনাকে ছোট করে উপস্থাপন করেছেন। তার বক্তব্যে মনে হয়েছে, তিনি আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এসব ঘটনাকে গুরুত্বহীনভাবে উপস্থাপন করেছেন। অন্যদিকে ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে। ছাত্রদলকে বিদ্বেষের দৃষ্টিভঙ্গি পরিহার করে বাস্তবতা উপলব্ধি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে সেই দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করছে।

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে সমঝোতা, দলটির নেতাদের সংসদে পাঠানো, জামিন বাণিজ্য এবং বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তুলে আজাদ বলেন, একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়া হচ্ছে, অন্যদিকে তাদের সাথে সমঝোতা করা হচ্ছে। এ ধরনের দ্বিমুখী রাজনীতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন ও নির্বাচনী সমঝোতার ভুল স্বীকার করে রাষ্ট্রীয় কাঠামোর দলীয়করণ বন্ধ করতে হবে। পাশাপাশি বিরোধী দলগুলোকে সাথে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করা, আওয়ামী লীগের সাথে সমঝোতা এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি আড়াল করার চেষ্টা করা হলে জনগণ তার জবাব দেবে। 

সংগঠনের মহানগর দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক নোমান হোসেন নয়ন। এছাড়া স্থানীয় মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।