সঙ্কটে থাকা সিটিকে খাটো করে না দেখার আহ্বান আর্তেতার
সঙ্কটে থাকা সিটিকে খাটো করে না দেখার আহ্বান আর্তেতার। সংগৃহীত
ads

রোববার প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আর্সেনাল। এই ম্যাচকে সামনে রেখে সিটিকে কোনভাবেই খাটো করে না দেখার আহ্বান জানিয়েছেন গানার্স বস মিকেল আর্তেতা।

এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির আগে তৃতীয় স্থানে থাকা সিটির চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে শীর্ষে থাকা আর্সেনাল।

মৌসুমের শুরুর কয়েক মাস পয়েন্ট তালিকার শীর্ষে ছিল সিটি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দলটির পারফরম্যান্সে বড় ধরনের অবনতি হয়েছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে এনজো মারেস্কার দল। আর লিগে টানা চার ম্যাচ ধরে জয়হীন তারা।

সিটির এই ছন্দপতনের কারণ ব্যাখ্যা করতে পারেননি আর্তেতা। তবে দলটির বিপক্ষে তিন পয়েন্ট পাওয়াকে নিশ্চিত ধরে নিচ্ছেন না তিনি।

শুক্রবার সাংবাদিকদের আর্তেতা বলেন, ‘আমি জানি না, এটা তাদেরই প্রশ্ন করা উচিত। আমি শুধু বলতে পারি তাদের খেলা দেখলে মনে হয় যেসব ম্যাচে তাদের জেতা প্রয়োজন, সেগুলোর অনেকগুলোতেই তারা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলে। কিন্তু এটাই ফুটবল।’

‘শিরোপার লড়াইয়ে বড় দলগুলোর বিপক্ষে ঘরের মাঠের ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, এ ধরনের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। তবে অন্য দিকটাও দেখতে হবে- এখন নভেম্বর, মৌসুম শেষ হতে এখনও অনেক সময় বাকি।’

‘চ্যালেঞ্জটা আমাদের নিজেদের জন্য। অন্য প্রতিপক্ষরা কী করবে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।’

দলের বাজে ফর্মের কারণে সমালোচনার মুখে পড়েছেন সিটি কোচ মারেস্কা। তবে ইতালিয়ান এই কোচের প্রতি আর্তেতার রয়েছে গভীর শ্রদ্ধা। পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হয়ে প্রথম মৌসুমে সিটির দায়িত্ব পালন করছেন মারেস্কা।

আর্তেতা বলেন, ‘এনজোকে আমি ব্যক্তিগতভাবে চিনি। অসাধারণ একজন মানুষ তিনি। ফুটবলই তার জীবন, ফুটবল নিয়েই তিনি বাঁচেন। বিশ্লেষণী ক্ষমতাও অসাধারণ। কোচ হিসেবে তার ক্যারিয়ার ইতোমধ্যেই দারুণ উচ্চতায় পৌঁছেছে। সবকিছুই অত্যন্ত ইতিবাচক।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের সেরা ছন্দে না থাকলেও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল।

প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেড এবং চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে ড্র করেছে গানাররা।

এর আগে টানা তিন ম্যাচে মাত্র এক গোলের ব্যবধানে জয় পেয়েছিল তারা। চতুর্থ বিভাগের দল ফ্লিটউডের কাছে হেরে লিগ কাপ থেকেও বিব্রতকরভাবে বিদায় নিতে হয়েছিল তাদের।

আর্তেতার বিশ্বাস, আর্সেনাল এখনো নিজেদের সেরা ছন্দ খুঁজে পাওয়ার পথে রয়েছে। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় দলকে নতুন করে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন তিনি।

তিনি বলেন, ‘হ্যাঁ, আবারো এটা অর্জনের ক্ষুধা আরো বেড়েছে। একসাথে সেই মুহূর্তগুলো আবার উপভোগ করতে চাই।’

‘প্রতি সপ্তাহে সবাই অসাধারণ পরিশ্রম করছে। প্রতিপক্ষকে বিশ্লেষণ করা, খেলোয়াড়দের চারপাশে সঠিক পরিবেশ তৈরি করা এবং সপ্তাহের পর সপ্তাহ ম্যাচ জেতার জন্য সবাই নিজেদের উজাড় করে দিচ্ছে।’

গার্দিওলার অধীনে সিটির দীর্ঘদিনের আধিপত্য আর্তেতার জন্য অনুপ্রেরণা, যদিও সাম্প্রতিক সময়ে দলটি কিছুটা পথ হারিয়েছে।

আর্তেতা বলেন, ‘নিশ্চিতভাবেই আপনি সেখান থেকে শিখবেন। এটি আপনাকে আরো উচ্চ পর্যায়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। ম্যানচেস্টার সিটি এই লিগে সেই মানদন্ড তৈরি করেছে, কারণ তারা যা করেছে, তা নজিরবিহীন।’

নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পাওয়ায় ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে পারেননি গোলরক্ষক ডেভিড রায়া। আর্তেতা জানিয়েছেন, তিনি আবার অনুশীলনে ফিরেছেন। ডর্টমুন্ডের বিপক্ষে রায়ার পরিবর্তে খেলেছিলেন কেপা আরিজাবালাগা।