ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংগৃহীত
ads

ফিফা সভাপতি পদে ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালো ও জাপানের ফুটবল প্রশাসক কোজো তাশিমা প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। আসন্ন নির্বাচনী প্রচারে ‘পারস্পরিক শ্রদ্ধা’ ও ‘ন্যায্যতা’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন চতুর্থ মেয়াদে সভাপতি পদে নির্বাচনের লড়াইয়ে থাকা বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

৫৬ বছর বয়সী ইনফান্তিনো ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নেতৃত্ব দিচ্ছেন। ওই সময় সাবেক সভাপতি সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হন তিনি।

চলতি বছরের শুরুতে ভবিষ্যৎ বিশ্বকাপের স্বত্বের একটি অংশ ২০ বিলিয়ন পাউন্ডে বিক্রির উদ্যোগ ব্যর্থ হওয়ার আগ পর্যন্ত ইনফান্তিনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল।

তবে বুধবার মনোনয়ন জমা দেয়ার শেষ সময়ের আগেই দিয়ালো ও তাশিমা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা ইচ্ছা নিশ্চিত করেছেন। ফলে আগামী মার্চের ভোটের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মঞ্চ তৈরি হয়েছে।

ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান দিয়ালো ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সমর্থনও পেয়েছেন। অন্যদিকে, তাশিমা ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

উয়েফার নেয়া পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে আইনি চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছেন ইনফান্তিনো।

দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আবির্ভাব হলেও পদ ধরে রাখার দৌড়ে ইনফান্তিনোই এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে জিততে ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে অন্তত ১০৬টির সমর্থন প্রয়োজন।

নতুন পরিস্থিতিতে ইনস্টাগ্রাম স্টোরিতে দেয়া এক বার্তায় ইতিবাচক ও শ্রদ্ধাপূর্ণ নির্বাচনী প্রচারের আহ্বান জানিয়েছেন ইনফান্তিনো।

তিনি বলেন, ‘ফিফা সভাপতি নির্বাচন আমাদের গণতান্ত্রিক ফুটবলীয় মূল্যবোধের উদযাপন। নির্বাচনে অংশ নেয়া প্রত্যেক প্রার্থীকে আমি শুভকামনা জানাতে চাই।’

তিনি আরো বলেন, ‘এই নির্বাচনী সময়টা যেন ইতিবাচক চিন্তা ও ধারণার সময় হয়, যা আমাদের বিশ্ব ফুটবলের উন্নতিতে ভূমিকা রাখবে। পুরো প্রক্রিয়া যেন সম্মান, শ্রদ্ধা ও ন্যায্যতার চেতনায় পরিচালিত হয়, যে চেতনা আমাদের খেলাটির মূল ভিত্তি।’

২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার ৭৭তম কংগ্রেসে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।