স্যান্ডপেপার ইস্যুতে চাপে কামিন্স, অধিনায়কত্ব নিয়ে শঙ্কা
স্যান্ডপেপার ইস্যুতে চাপে কামিন্স, অধিনায়কত্ব নিয়ে শঙ্কা। সংগৃহীত
ads

প্যাট কামিন্সকে সাধারণত ভদ্র, সদালাপী এবং ক্রিকেটীয় বুদ্ধিমত্তায় সমৃদ্ধ একজন খেলোয়াড় হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু গত এক সপ্তাহে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের ভাবমূর্তি বড় ধরনের ধাক্কা খেয়েছে। ‘স্যান্ডপেপার-কাণ্ডের’ পরবর্তী ভুক্তভোগী হওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি।

২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে ওঠা অভিযোগে জড়িয়ে পড়েছেন কামিন্স। অভিযোগ উঠেছে, দলের অন্য সদস্যদের সাথে তিনিও ওই ঘটনা সম্পর্কে নিজেদের জানাশোনার বিষয়টি গোপন করেছেন।

আরো পড়ুন : দেশে ফিরিয়ে আনা হচ্ছে হাসান মাহমুদকে

গত ৭ নভেম্বর নিজের আত্মজীবনী প্রকাশের আগে সাবেক ওপেনার উসমান খাজা দাবি করেন, কেপটাউনে অনুষ্ঠিত একটি টেস্টে বলের আকৃতি পরিবর্তনের পরিকল্পনা সম্পর্কে ‘পুরো দলই’ জানত। অথচ ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে দায়ী করা হয়েছিল।

এক সপ্তাহ আগে দীর্ঘ সংবাদ সম্মেলনে কামিন্স জোরালোভাবে দাবি করেন, এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। কিন্তু বল বিকৃত করতে স্যান্ডপেপার ব্যবহার করার দায়িত্বে থাকা ব্যানক্রফট-খাজার বক্তব্যকে সমর্থন করায় বিতর্কটি আবারো নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে।

এতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার চরম চাপে পড়েছেন। এমনকি অধিনায়কত্ব ছেড়ে দেয়ার দাবিও উঠেছে।

২০২১ সালে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে অস্ট্রেলিয়া দলের সংস্কৃতি ও ভাবমূর্তি বদলে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কামিন্স।

সাবেক অস্ট্রেলীয় পেসার মিচেল জনসন ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকায় নিজের কলামে লিখেছেন, ‘এই পরিস্থিতির পর তার অধিনায়কত্ব ও ব্যক্তিগত ভাবমূর্তি কিভাবে টিকে থাকবে, তা আমি বুঝতে পারছি না।’

আরেক সাবেক অস্ট্রেলীয় পেসার জেসন গিলেস্পি সম্প্রচারমাধ্যম এবিসিকে বলেন, ‘প্যাট কামিন্সের জন্য এটি খুবই অস্বস্তিকর পরিস্থিতি।’

কামিন্স এবং দলের বোলিং বিভাগের সদস্য জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়ন শুরু থেকেই দাবি করে আসছেন, ব্যানক্রফট ধরা পড়ার আগে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি তারা জানতেন না।

এখন পর্যন্ত ৩৩ বছর বয়সী কামিন্সের পাশে দাঁড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে এ সপ্তাহে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকার ১৩ হাজার পাঠকের অংশগ্রহণে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৮২ শতাংশ পাঠক ব্যানক্রফট ও খাজার বক্তব্যকে বিশ্বাস করেন।

কামিন্স অধিনায়কত্ব ছেড়ে দিলে তার স্থলাভিষিক্ত হওয়ার মতো সুস্পষ্ট কোনো প্রার্থীও নেই।

কামিন্স অনুপস্থিত থাকলে নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন স্মিথ। তবে ‘স্যান্ডপেপার-কাণ্ডে’ তিনিও গভীরভাবে জড়িয়ে রয়েছেন।

ট্রাভিস হেড দলের আরেক সহ-অধিনায়ক। অন্যদিকে, অ্যালেক্স ক্যারিকে শান্ত ও বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী হিসেবে বিবেচনা করা হয়।

ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের আগে অস্ট্রেলীয় ক্রিকেটের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিতর্ক। এরপর ভারত ও চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড সফরেও যেতে হবে দলটিকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরু হবে পার্থে। শহরটি ব্যানক্রফটের নিজের এলাকা। সেখানে দর্শকদের প্রতিক্রিয়া পরিস্থিতির ইঙ্গিত দিতে পারে।

অ্যাশেজে ইংল্যান্ডের সমর্থকদের কাছ থেকেও কামিন্স ও অস্ট্রেলিয়া দলকে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে।

টেস্ট ক্রিকেটের কিংবদন্তি ইয়ান হিলি নেতৃত্বের অবস্থান শক্ত করতে কামিন্সকে আবারো মুখ খোলার আহ্বান জানিয়েছেন।

ব্যানক্রফটের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্যাট যদি বিষয়টি নিয়ে কথা না বলে, তাহলে টেস্টের শুরুতে দলের সভায় তাকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে দেখাটা আমার জন্য কঠিন হবে।’

অল্প বয়স থেকেই সম্ভাবনাময় তারকা হিসেবে বিবেচিত কামিন্স মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনায় আসেন। ২০১১ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাত উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে দুই উইকেটের জয় এনে দেন। ওই ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

নিউ সাউথ ওয়েলস এবং টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগেও নিজের সামর্থ্যরে প্রমাণ দেন কামিন্স। কিন্তু এরপরই চোটের কারণে দীর্ঘ ছয় বছর আর কোনো টেস্ট খেলতে পারেননি তিনি।

পিঠের নিচের অংশে একের পর এক স্ট্রেস ফ্র্যাকচার তার ক্যারিয়ার থমকে দেয়। একইসাথে নানা সংশয়ও তৈরি হয়। সেই কঠিন সময়, ব্যথা ও পুনর্বাসনের দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে আরও শক্তিশালী মানুষ ও ক্রিকেটার হিসেবে ফিরে আসেন তিনি। তার অদম্য প্রচেষ্টার ফল হিসেবে ২০১৭ সালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সফরকারী দলে আবারো জায়গা পান।

উপমহাদেশের ওই সফরে চোটমুক্ত থেকে ফিরে আসার পর দ্রুতই হ্যাজলউড ও স্টার্কের সাথে অস্ট্রেলিয়ার তিন সংস্করণের দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠেন কামিন্স। শুধু ধারাবাহিক ও নির্ভরযোগ্য পেসারই নন, প্রতিপক্ষের জন্য ভয়ংকর বোলার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

২০১৯ সালে সহ-অধিনায়ক এবং ২০২১ সালে অধিনায়ক হন কামিন্স। যৌন কেলেঙ্কারির কারণে টিম পেইন দায়িত্ব ছাড়তে বাধ্য হলে তার স্থলাভিষিক্ত হন তিনি।

এরপর অধিনায়ক হিসেবে ব্যাপক প্রশংসা পেয়েছেন কামিন্স। জয়ের মানসিকতা ধরে রেখেই অস্ট্রেলিয়া দলের সংস্কৃতিতে পরিবর্তন এনেছেন তিনি। কিন্তু দীর্ঘদিনের সেই পরিশ্রম এবং ক্রিকেটীয় উত্তরাধিকার এখন হুমকির মুখে।