মেসি, নিকো পাজ
সতীর্থদের সাথে নিকো পাজ। সংগৃহীত
ads

লিওনেল মেসির পর আর্জেন্টিনার ফুটবল সাম্রাজ্যের হাল ধরবেন কে? বিশ্ব ফুটবলে বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। আর্জেন্টিনার জার্সিতে পরবর্তী প্রজন্মের সেরা তারকা কিংবা ভবিষ্যতের ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি খোঁজার আলোচনাও কম নয়। তবে এ প্রশ্নের উত্তর যেন আগেভাগেই দিয়ে রেখেছেন খোদ মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি। তার চোখে, ছেলের উত্তরসূরি হতে পারেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ।

শুধু মনে মনে পছন্দ করেই চুপ থাকেননি সেলিয়া। মেসির বিদায় অনুষ্ঠানে নিকো পাজের সাথে সরাসরি দেখা করে তাকে জানিয়েছেন নিজের সেই বিশ্বাসের কথা। মেসির মায়ের মুখে এমন কথা শুনে রীতিমতো হতবাক হয়ে যান তরুণ এই ফুটবলার। ঘটনাটি সামনে এনেছেন নিকো পাজের চাচা ফাবিয়ান পাজ। রেডিও লা রেডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মেসির বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি ও তার ভাতিজা। সেখানেই ঘটে আবেগঘন মুহূর্তটি।

আরো পড়ুন : নতুন করে যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, তারাও ধ্বংস হবে

ফাবিয়ান বলেন, ‘আমি যখন মেসির বিদায় অনুষ্ঠানে গিয়েছিলাম, নিকো তখন ড্রেসিংরুম থেকে বের হচ্ছিল। সেখানে মেসির মা ছিলেন। তিনি আবেগাপ্লুত হয়ে কাঁদছিলেন। নিকো তাকে চিনতো, তাই এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানায়। তখন তিনি নিকোর হাত ধরে বলেন, “তুমিই আমার ছেলের উত্তরসূরি।” কথাটি শুনে নিকো একেবারে হতবাক হয়ে যায়।’

তবে মেসির মায়ের এমন উচ্চ প্রত্যাশা থাকলেও নিজের ভাবনায় এখনো উত্তরসূরি হওয়ার কোনো চাপ রাখেননি নিকো। চাচার দাবি, মেসিকে ছাপিয়ে যাওয়া কিংবা তার জায়গা নেয়ার চিন্তা কখনোই করেননি এই তরুণ। 

ফাবিয়ান বলেন, ‘নিকো খুব শান্ত ও বিনয়ী একজন মানুষ। মেসির উত্তরসূরি হতে হবে—এমন কোনো চিন্তা তার মাথায় নেই। লিওর সাথে দেখা করতে পারা এবং তার পাশে খেলতে পারাটাই নিকোর কাছে ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তার কাছে সেটা ছিল যেন আকাশ ছুঁয়ে দেখার মতো অভিজ্ঞতা।’

নিকোর বেড়ে ওঠা ও ফুটবল ক্যারিয়ারের বড় একটি অংশ কেটেছে আর্জেন্টিনার বাইরে। ফাবিয়ানের মতে, বিদেশে থাকার কারণে দেশের ফুটবল ঘিরে অতিরিক্ত উন্মাদনা ও চাপ থেকে অনেকটাই দূরে থাকতে পেরেছেন তিনি।

এ প্রসঙ্গে ফাবিয়ান বলেন, ‘সে এখনো অনেক কিছু বিশ্বাসই করতে পারে না। তা ছাড়া আর্জেন্টিনায় থাকে না বলে অন্য খেলোয়াড়দের মতো এত চাপের মুখেও পড়তে হয় না। এখানে ফুটবলকে অন্যভাবে দেখা হয়। আবেগ ও উন্মাদনার মাত্রা অনেক বেশি। তাই পুরো বিষয়টি এখনো তার কাছে বিস্ময়কর।’