চট্টগ্রাম, জামায়াত, বিক্ষোভ, মিছিল,
চট্টগ্রামের ৫ স্পটে জামায়াতের বিক্ষোভ মিছিল : অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধের হুঁশিয়ারি। নয়া দিগন্ত
ads

দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। 

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জুমার নামাজের পর পর্যন্ত নগরীর বহদ্দারহাট, হালিশহর, বন্দরটিলা, কোতোয়ালী এবং সাগরিকা মোড়ে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিগুলোতে জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।

বহদ্দারহাটে বিক্ষোভ ও হুঁশিয়ারি

বাদ জুমা বহদ্দারহাট থেকে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার বলেন, ‘যারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছেন, তাদের বাড়িঘর আমাদের চেনা আছে। বেশি বাড়াবাড়ি করবেন না।’

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। 

তিনি বলেন, ‘জুলাই যোদ্ধারা এখনো ঘরে ফিরে যায়নি। তরুণরা রাজপথেই আছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে তারাই যথেষ্ট। জনগণের প্রাণের দাবি মেনে নিয়ে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। অন্যথায় আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদবিরোধীদের গণপ্রতিরোধের মুখে আপনাদেরও দেশ ছাড়তে হতে পারে।’

পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে এবং বাকলিয়া থানা জামায়াতের আমির সুলতান আহমদের পরিচালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল। এছাড়া বক্তব্য রাখেন চান্দগাঁও থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জসিম উদ্দীন, জুলাই বিপ্লবের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠক মোহাম্মদ আলী ও নগর জুলাই সংগঠক রিয়াদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডবলমুরিং থানায় সকালের কর্মসূচি

সকাল ১১টায় হালিশহরের ওয়াপদা মোড়স্থ প্রিন্স অব চিটাগাংয়ের সামনে থেকে ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। থানা জামায়াতের আমির ফারুকে আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, ‘হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করেও তারা ক্ষান্ত হয়নি। নতুন করে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে। সাধারণ মানুষের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে মানুষের জানমাল ও নিরাপত্তা বিপন্ন করা হচ্ছে। এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

এতে আরো বক্তব্য রাখেন থানা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ইমরানুল হক, ২৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আব্দুর রহিম মোল্লা, ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহিম, আব্দুল কাদের ও জামায়াত নেতা হাফেজ আবু তাহের প্রমুখ।

ইপিজেড ও বন্দর থানার যৌথ মিছিল

গতকাল বাদ জুমা বন্দরটিলা আলী শাহ মসজিদ মোড় থেকে ইপিজেড থানা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফ্রি-পোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা হয়তো মনে করছে, এভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে। আমরা চাই, সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের ঘোষিত রায় দ্রুত কার্যকর করা হোক এবং দেশকে কলঙ্কমুক্ত করা হোক।’

ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকাররমের সভাপতিত্বে এবং থানা বিএম সেক্রেটারি ও ৩৯ নম্বর ওয়ার্ড আমির ওসমান গনির সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা আমির মাহমুদুল আলম, বন্দর থানা সেক্রেটারি ইকবাল শরীফ, পতেঙ্গা থানা সেক্রেটারি মো: বেলাল ও ৪০ নম্বর ওয়ার্ড আমির মো: ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কোতোয়ালী ও সাগরিকা মোড়ে সমাবেশ

একই কর্মসূচির অংশ হিসেবে কোতোয়ালী এলাকায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আমির হোসাইনের সভাপতিত্বে এবং মোস্তাক আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

এতে আরো বক্তব্য রাখেন কোতোয়ালী থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আ ন ম জোবায়ের, সদরঘাট থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলে এলাহি শাহীন, কোতোয়ালী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুল ইসলাম এবং কোতোয়ালী দক্ষিণ থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি বখতিয়ার ফাহিম।

এছাড়া জুমার নামাজের পর নগরীর সাগরিকা মোড় থেকে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসব কর্মসূচিতে বক্তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।