আইজিপি মো: আলী হোসেন ফকির
আইজিপি মো: আলী হোসেন ফকির। সংগৃহীত
ads

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির বলেছেন, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আজ পর্যন্ত এখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আগামীতে আরো ভালো হবে। আপনারা এখানকার শান্তিপ্রিয় মানুষ নাশকতা ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি নয়।’

শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জে দু’টি থানা পুড়িয়ে দেয়ার প্রসঙ্গে আইজিপি বলেন, ‘থানা কাদের জন্য? থানা তো আপনাদের জন্যই। এখন আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি আইন মান্যকারী নাগরিক না হন, পুলিশকে সহায়তা না করেন, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে?’ 

তিনি বলেন, ‘এখানে ১০ লাখ মানুষ আছে, আর থানায় পুলিশ আছে ২০ জন। আপনারা যদি তাদের সার্বিক সহযোগিতা না করেন, তাহলে তারা কাজ করতে পারবে না। ’

এর আগে, সাম্প্রদায়িক সহিংসতা ও উত্তেজনা পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আজ বেলা ১১টার দিকে জেলায় আসেন আইজিপি আলী হোসেন ফকির।

এ সময় তার সাথে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। 

তারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করেন। সেখানে গোপালগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলার পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। বাসস