
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরী জামায়াতের তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত এক কর্মী শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রাষ্ট্রীয় সংস্কার ও জাতীয় ঐক্যের আহ্বান
সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল হালিম রাষ্ট্রীয় সংস্কার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সরকারের ভূমিকা ও ফ্যাসিবাদী শক্তির অপচেষ্টা
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের অবস্থানের সমালোচনা করে মাওলানা আবদুল হালিম বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য সরকার দায়ী। সরকারের এমন আচরণ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এর সুযোগে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে।
প্রয়োজনে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি
ক্ষমতার চেয়ে জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষাকেই সবচেয়ে বড় বিষয় হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা।
তিনি আরো বলেন, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়; জনগণের অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষাই প্রধান বিষয়। প্রয়োজনে জুলাই বিপ্লবের মতো আরেকটি বিপ্লবের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
শিক্ষাশিবিরে উপস্থিত নেতৃবৃন্দ
কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য মু. আব্দুস সাত্তারের পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মী শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য মু. লিয়াকত আলী ভূঁইয়া এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









