
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরে ফিশান সেলিম গত জুন মাসে পবিত্র হজ পালন করেছেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দেন। পবিত্র হজের স্মরণীয় কিছু ছবি শেয়ার করে নিজের আধ্যাত্মিক সফরের অভিজ্ঞতা ভক্তদের সাথে শেয়ার করে তিনি জানান, দীর্ঘদিন ধরে মনের মধ্যে জমে থাকা নানা অনুভূতি ও বোঝা থেকে এই সফরে তিনি মুক্তি পেয়েছেন।
ইনস্টাগ্রামে দেয়া ওই পোস্টে দুরে ফিশান হজের সফরকে ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর ওপর পূর্ণ ভরসার এক অনন্য অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। তিনি লিখেছেন, এটি তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। মা-বাবার সাথে এই সৌভাগ্য অর্জন করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।
আরো পড়ুন—ভিন্ন ধর্মের নারীকে বিয়ে করে তোপের মুখে কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, ঘটনা কী?
অভিনেত্রী জানান, হজের সফরে তার বাবা-মা অসাধারণ সাহস ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। তবে হজের প্রথম দিন শয়তানকে পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা (রামি) পালনের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরও হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এই সফর থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানান তিনি।
হজে বিভিন্ন দেশ ও পটভূমির যেসব নারীর সাথে পরিচয় হয়েছে, তাদের কথাও স্মরণ করেছেন দুরে ফিশান। একসাথে দোয়া, ইবাদত, আনন্দ ও আবেগের মুহূর্ত ভাগাভাগি করার অভিজ্ঞতাকে অসাধারণ সুন্দর বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, এ সফরে ধর্মকে শুধু কথায় নয়; বরং বাস্তব জীবনে দেখা ও উপলব্ধি করার সুযোগ হয়েছে।
অভিনেত্রী লিখেছেন, এই আধ্যাত্মিক অভিজ্ঞতা এখনই পুরোপুরি ভাষায় প্রকাশ করা তার পক্ষে সম্ভব নয়। তবে তিনি কী সাথে নিয়ে ফিরছেন, তার চেয়ে কী পেছনে ফেলে এসেছেন—সেটিই বেশি গুরুত্বপূর্ণ। কয়েক বছর ধরে মনের মধ্যে নানা অনুভূতি ও বোঝা বহন করছিলেন তিনি। হজের সফর তাকে সেসব থেকে মুক্তি দিয়েছে বলেও জানিয়েছেন।
দুরে ফিশানের মতে, হজ তাকে দুনিয়াবি আসক্তি থেকে দূরে থাকা এবং নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণের শিক্ষা দিয়েছে। জীবনের বাকি সময় এই শিক্ষা মনে রাখার চেষ্টা করবেন তিনি।
অভিনেত্রী আরো জানান, শরীর ক্লান্তি ও ব্যথা অনুভব করলেও মন আগের চেয়ে অনেক বেশি প্রশান্ত ও তৃপ্ত। পোস্টের শেষে সব মুসলমানের জন্য দোয়া করে তিনি বলেন, আল্লাহ যেন সামর্থ্যবান প্রত্যেককে হজ পালনের সৌভাগ্য দান করেন এবং এই পবিত্র সফর মানুষের বাহ্যিক জীবনের পাশাপাশি অন্তরেও ইতিবাচক পরিবর্তন আনে।
দুরে ফিশানের পোস্টের পর শোবিজ অঙ্গনের ব্যক্তিত্ব, বন্ধু ও ভক্তদের অনেকে তাকে হজ পালনের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং শুভকামনা প্রকাশ করেছেন। বর্তমানে দুরে ফিশান অভিনীত এআরওয়াই ডিজিটালের ধারাবাহিক সিরিজ ‘দার-ই-নিজাত’ জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে।
সূত্র : এক্সপ্রেস নিউজ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








