সমঝোতা ছাড়াই শেষ নেতানিয়াহু আইজেনকোট বৈঠক
ads

আলজাজিরা

ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকোটের দলের মধ্যকার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।  দুই দলের প্রতিনিধিদের বৈঠকে সরকার গঠনের বিষয়ে কোনো মতৈক্যে পৌঁছানো যায়নি। ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, হার্জলিয়ার একটি হোটেলে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং আইজেনকোটের ইয়াশার পার্টির প্রতিনিধিরা আলোচনায় বসেন। তবে পরবর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন এবং কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে সরকারে রাখা হবে কি না- এসব প্রশ্নে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার খবর অনুযায়ী, লিকুদ পার্টি বেন-গভিরকে সরকারে রাখতে আগ্রহী হলেও ইয়াশার পার্টি তাকে বাদ দেয়ার পক্ষে অবস্থান নিয়েছে। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দুই দল জানিয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এসব বিষয়ের সুরাহা করতে পরবর্তীতে আবারো আলোচনায় বসা হবে। তবে পরবর্তী বৈঠকের তারিখ বা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি আসনে জয় পেয়েছে, যা সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১৩ আসন কম। সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন আইজেনকোট, যা প্রয়োজনে আরো ১৪ দিন বাড়ানো হতে পারে। এদিকে একটি ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়ে নেতানিয়াহু দাবি করেছেন, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ হলো এমন সরকার গঠন। এর মাধ্যমে ফিলিস্তিনি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোকে ছাড়াই সরকার গঠন করা সম্ভব হবে, যারা এবারের নির্বাচনে রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন ‘টুগেদার’ জোট সরকার গঠনের একটি রূপরেখা প্রস্তাব করেছে। ওই প্রস্তাব অনুযায়ী, টুগেদার, ইয়াশার, লিকুদ এবং আভিগদর লিবারম্যানের ইয়িসরাইল বেইতেনু পার্টিকে নিয়ে জোট সরকার গঠন করা হবে, যেখানে প্রথমে আইজেনকোট এবং পরবর্তীতে নেতানিয়াহু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তবে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার এই প্রস্তাবে আপত্তি জানিয়েছেন আইজেনকোট।