
বিনোদন প্রতিবেদক
রাফাত মজুমদার রিংকু পরিচালিত এক কোটিরও বেশি ভিউ হওয়া নাটক ‘ঝরা বকুল’-এ প্রথম মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ও এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আবারো তারা দু’জন মা ও মেয়ের চরিত্রে রাফাত মজুমদার রিংকুরই নতুন একটি নাটকে অভিনয় করেছেন। যদিও নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানালেন ছন্দা। এরইমধ্যে ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। ছন্দা বলেন, ‘এর আগে রিংকুর পরিচালনায় ঝরা বকুল নাটকে আমি ও সুনেরাহ মা এবং মেয়ের চরিত্রে অভিনয় করে বেশ ভালো সাড়া পেয়েছিলাম। আবারো আমরা দু’জন মা মেয়ের চরিত্রে রিংকুরই নতুন একটি নাটকে অভিনয় করেছি। গল্পটা খুব সুন্দর। আশা করছি এই নাটকটিও দর্শকের ভীষণ ভালোলাগবে। আর সুনেরাহতো খুব ভালো অভিনয় করে। এখন সে অভিনয়ে আরো ম্যাচিউরড। আগামীতে আরো ভালো করবে। এই নাটকে আমাদের সাথে আরো অভিনয় করেছে ইয়াশ রোহান। সব মিলিয়েই নাটকটি খুব সুন্দর হয়েছে। যে কারণে আমি ঝরা বকুলের চেয়েও আরো বেশি আশাবাদী।’ গতকাল কথা বলার সময় ছন্দা দীপ্ত টিভিতে ছিলেন। সেখানে তিনি এই চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘খুশবু’র শুটিং-এ ব্যস্ত ছিলেন। ছন্দা জানান আর কয়েক দিনের মধ্যে তিনি রাফাত মজুমদার রিংকুর আরো একটি নাটকে অভিনয় করবেন। শিগগিরই প্রচারে আসছে চ্যানেল আইতে ছন্দা অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘আমাদের নীল বাড়ি’ ও এশিয়ান টিভিতে প্রচারে আসছে হাসান রেজাউল পরিচালিত ‘এরই নাম সংসার’। সুনেরাহ সর্বশেষ অভিনয় দিয়ে তুমুল আলোচনায় আসেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে অভিনয় করে। এই নাটকে তার সহশিল্পী ছিলেন ইরফান সাজ্জাদ। সুনেরাহ ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয় করেই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। সুনেরাহ জন্মেছেন রংপুরে। আর তার দাদাবাড়ি বগুড়ার আদমদীঘিতে।







