নতুন ধারাবাহিকে ‘বহ্নি’ চরিত্রে শাকিলা পারভীন
নতুন ধারাবাহিকে ‘বহ্নি’ চরিত্রে শাকিলা পারভীন

বিনোদন প্রতিবেদক
মিডিয়াতে শাকিলা পারভীন প্রথম আলোচনায় আসেন আজ থেকে আট বছর আগে মাহদী সুলতানের গাওয়া ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে। এই গানের মিউজিক ভিডিও এখন পর্যন্ত ১৭ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এরপর আরো বেশকিছু ভালো ভালো গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি শাকিলা পারভীন নাটকে এবং সিনেমাতেও অভিনয় করেছেন। তবে বিয়ের পর শাকিলা পারভীন আগের মতো আর অভিনয়ে নিয়মিত নেই। এরইমধ্যে তিনি আল আমিন স্বপনের গল্পে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। এই নাটকে বহ্নি চরিত্রে অভিনয়ে দেখা যাবে। শাকিলা পারভীন জানান, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একটি ইউটিউব চ্যানেলে ধারাবাহিক এই নাটকটির প্রচার শুরু হবে। শাকিলা পারভীন বলেন, ‘এর আগেও আমি সাজিন আহমেদ বাবু ভাইয়ের পরিচালনায় অভিনয় করেছি। তবে আমরা ভাইরাল ধারাবাহিকটিতে অভিনয় করে আমি আরো বেশি তৃপ্ত। কারণ আমার বহ্নি চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ এবং দর্শকের ভালোলাগার মতো একটি চরিত্র। ধন্যবাদ সাজিন ভাইকে আমাকে এতো চমৎকার একটি চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেবার জন্য। আমি আশা করছি ৫২ পর্বের এই ধারাবাহিকটি সবার ভালোলাগবে।’ পরিচালক সাজিন আহমেদ বাবুর ভাষ্য, দর্শকদের বিনোদনের পাশাপাশি সমসাময়িক বাস্তবতার নানা দিক হাস্যরসের মোড়কে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। শাকিলা এই ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেয়েছেন মামুনুর রশীদ, আবু হোরায়রা তানভীর, মৌসুমী হামিদ, নাজনীন চুমকী, ফারজানা চুমকীসহ আরো বেশকিছু শিল্পীর সাথে। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন মশিউর রহমান। আবহ সঙ্গীত করেছেন আপেল মাহমুদ এমিল। শাকিলা অভিনীত সবশেষ নাটক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘সেম সেম বাট ডিফারেন্ট’। এই নাটকে শাকিলার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক।